নেসকো’র প্রধান কার্যালয় বহাল রাখার দাবিতে রাজশাহীতে মানববন্ধন

ফন্ট সাইজ:

নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)’র প্রধান কার্যালয় রাজশাহী হতে বগুড়ায় স্থানান্তরের প্রস্তাব বাতিলপূর্বক রাজশাহীতেই বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছেন সচেতন রাজশাহীবাসী। সোমবার বিকালে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে একটি ব্যানার নিয়ে কিছু সচেতন নাগরিক ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই নেসকো’র প্রধান কার্যালয় রাজশাহী শহরে অবস্থিত।

উত্তরাঞ্চলের বিদ্যুৎ সেবার মানোন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের বিকাশ এবং আঞ্চলিক অর্থনীতিতে নেসকোর প্রধান কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু সম্প্রতি এই কার্যালয়টি রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের উদ্যোগের খবর ছড়িয়ে পড়লে রাজশাহীবাসীর মধ্যে গভীর উদ্বেগ, ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়। বক্তারা বলেন, এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে রাজশাহীর প্রশাসনিক গুরুত্ব হ্রাস পাবে। সেইসঙ্গে কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রম নেতিবাচকভাবে প্রভাবিত হবে। এ ছাড়া, দীর্ঘদিনের প্রতিষ্ঠিত প্রশাসনিক কাঠামো ও জনসেবামূলক কার্যক্রমও বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ সময় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে মানববন্ধনে উপস্থিত সচেতন নাগরিকবৃন্দ বলেন, ‘আমরা বিশ্বাস করি, আপনার বিচক্ষণ, দূরদর্শী ও জনকল্যাণমুখী নেতৃত্বে রাজশাহীর ন্যায্য দাবি বিবেচিত হবে এবং এ বিষয়ে আপনারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন