সড়কে ধানগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ

কাজ ফেলে ঠিকাদার লাপাত্তা

সড়কে ধানগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ

ফন্ট সাইজ:

শ্রীপুরের নয়নপুর-বরমী সড়কের সংস্কারকাজ শেষ না করে ঠিকাদারি প্রতিষ্ঠান লাপাত্তা হয়ে যাওয়ায় সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী। দীর্ঘ দুই বছর ধরে কাজ বন্ধ থাকায় ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী এ প্রতিবাদ জানান। সোমবার দুপুরে ওই সড়কের দুই কিলোমিটার অংশের উন্নয়ন কাজ বন্ধ করে ফেলে রাখায় তারা ধানের চারা রোপণ করেন। নয়নপুর-বরমী সড়কের নয়নপুর অংশে দুই কিলোমিটার উন্নয়ন কাজ ফেলে প্রায় দুই বছর ধরে লাপাত্তা ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে দুর্ভোগে পড়েছেন ময়মনসিংহের গফরগাঁও, দক্ষিণ গফরগাঁও উপজেলার বাসিন্দা, শ্রীপুরের কাওরাইদ, বরমী, তেলিহাটী ইউনিয়নের বাসিন্দারা। সড়কটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সঙ্গে সংযুক্ত হওয়ায় ওইসব এলাকার বাসিন্দারা রাজধানী ঢাকা ও বিভাগীয় শহর ময়মনসিংহে যেতে সড়কটি ব্যবহার করে থাকেন। তবে, এ অঞ্চল থেকে অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য দ্রুত সময়ের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া যায়।

২০২৪-২৫ অর্থবছরের জিওবি মেইনটেন্যান্স (সরকারের নিজস্ব তহবিল বা রাজস্ব বাজেটের অর্থায়নে সরকারি অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও মেরামতের কার্যক্রম) প্রকল্প-৩ এর আওতায় সড়কটি উন্নয়নের দরপত্র আহ্বান করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। পরে সর্বোচ্চ দরদাতা ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শাম্মী এন্টারপ্রাইজ কার্যাদেশ পায়। নয়নপুর বাজার থেকে সিসিডিবি মোড় পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার সড়ক সংস্কারের কাজ বাস্তবায়নে ব্যয় ধরা হয়ে ৪ কোটি ৯ লাখ টাকা। সড়কটির সংস্কারের কাজ শুরু হয় ২০২৪ সালের মাঝামাঝি সময়ে। তবে রাস্তা খোঁড়ার পর ইটের খোয়া ফেলে প্রায় দুই বছরের বেশি সময় ধরে লাপাত্তা ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে ওই সড়ক দিয়ে চলাচলকারীরা চরম দুর্ভোগে পড়েছেন।

শ্রীপুর উপজেলা প্রকৌশলী তৌহিদ হাসান বলেন, জনদুর্ভোগ বিবেচনা করে ঠিকাদারকে একাধিকবার নোটিশ করেও রাস্তাটির নির্মাণকাজ শুরু করাতে পারিনি। ঠিকাদারকে জরিমানা ও কার্যাদেশ বাতিলের প্রক্রিয়া শুরুর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে পুনরায় টেন্ডার প্রক্রিয়া শুরু করা হবে। এটা ঠিকাদারের গাফিলতির কারণ এখন তার কাছ থেকে জরিমানা আদায় করে টেন্ডার বাতিল করে আবার নতুন করে টেন্ডার দিয়ে দ্রুত কাজ শেষ করা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন