মানিকগঞ্জের ঘিওরে ১১ বছরের এক শিশুকন্যাকে একাধিকবার ধর্ষণের অভিযোগে তার সৎ বাবাকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত জুলহাস পেশায় মিল শ্রমিক। স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঘিওরের বানিয়াজুরী এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে জুলহাস তার স্ত্রী এবং স্ত্রীর আগের ঘরের ১১ বছরের মেয়েকে নিয়ে বসবাস করছিলেন।
অভিযোগ উঠেছে, গত রোববার সকালে ভয়ভীতি দেখিয়ে শিশুটির ওপর নির্যাতন চালায় জুলহাস। শুধু তাই নয়, এর আগেও অন্তত ৫ থেকে ৬ বার তাকে একইভাবে ভয় দেখিয়ে অনৈতিক কাজ করা হয়েছে বলে জানিয়েছে শিশুটি। সৎ বাবার হুমকিতে এতদিন ঘটনাটি সে কাউকে বলতে সাহস পায়নি। সোমবার সকালে নির্যাতনের শিকার শিশুটি কান্নাকাটি করে পুরো ঘটনা তার মাকে জানায়। ঘটনার ভয়াবহতা বুঝতে পেরে মা ও মেয়ে অবিলম্বে ন্যায়বিচারের আশায় স্থানীয় বানিয়াজুরী ইউনিয়নের চেয়ারম্যান এস আর আনসারী বিল্টুর কাছে যান। বানিয়াজুরী ইউপি চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু জানান, সকালে ভুক্তভোগী শিশু ও তার মা জুলহাসের বিরুদ্ধে একাধিকবার ধর্ষণের অভিযোগ নিয়ে আসেন। পরে আমি তাৎক্ষণিকভাবে বিষয়টি ঘিওর থানার ওসি’কে অবহিত করি।
ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী শিশুটির মা বলেন, আমার নিজের স্বামী যে আমার মেয়ের সঙ্গে এমন জঘন্য ও পাশবিক কাজ করতে পারে, তা আমি ভাবতেও পারিনি। ভয়ে মেয়ে এতদিন কিছু বলতে পারেনি। আমি এই পাষণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চাই। এ বিষয়ে ঘিওর থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।
