কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে শিক্ষার্থী-অভিভাবকদের মানববন্ধন

ফন্ট সাইজ:

যশোরের কেশবপুর উপজেলার লক্ষ্মীনাথকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু মুসার বদলির দাবিতে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা। সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বিদ্যালয়ের ৫২ জন শিক্ষার্থীর মধ্যে ৪২ জন শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা অংশ নেন। এ সময় তারা প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরে সেøাগান দেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু মুসা নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকেন না।

এ ছাড়া বিদ্যালয়ের জমি লিজ দিয়ে প্রাপ্ত অর্থ আত্মসাৎ, আয়-ব্যয়ের হিসাব না দেয়া, ক্লাস না নিয়ে ব্যক্তিগত কাজে সময় ব্যয় করা, ক্লাস চলাকালে গরু-ছাগল চরানো, অভিভাবকদের সঙ্গে অকারণে ঝগড়া-বিবাদ করা এবং শিক্ষার্থীদের জন্য বরাদ্দ খাদ্যসামগ্রী ব্যক্তিগত স্বার্থে ব্যবহারের মতো নানা অনিয়মের সঙ্গে তিনি জড়িত বলে দাবি করেন তারা। বক্তারা এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে অবিলম্বে প্রধান শিক্ষককে অন্যত্র বদলির দাবি জানান। একইসঙ্গে তারা অভিযোগ করেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেয়া হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি। তবে অভিযোগ অস্বীকার করে লক্ষ্মীনাথকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু মুসা বলেন, “আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন। আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।”

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন