বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষকে ২০২৬ সালের জন্য কলকাতার শেরিফ হিসেবে মনোনীত করা হয়েছে। শুক্রবারই গৌতম ঘোষের কাছে শেরিফ হিসেবে নিয়োগের চিঠি পৌঁছেছে বলে জানা গেছে। স্বাভাবিকভাবেই গৌতম ঘোষ ও তার পরিবার এই মনোনয়নে অত্যন্ত উচ্ছ্বসিত। অভিনেতা বসন্ত চৌধুরী, রঞ্জিত মল্লিক ও সদ্য প্রয়াত সাহিত্যিক শংকরের মতোই অরাজনৈতিক সম্মাননীয় এই পদ পেলেন তিনি। দুই বাংলার যৌথ প্রযোজনায় তৈরি ‘মনের মানুষ’, ‘শঙ্খচিল’ ছবির অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পরিচালককে শুভেচ্ছা জানিয়েছেন । সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, যোগ্য ব্যক্তি যোগ্য সম্মান পেলেন। গৌতমদাকে প্রচণ্ড শ্রদ্ধা করি। তার জন্য আন্তরিক শুভকামনা রইল।
উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের সুপারিশক্রমে এবং পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে প্রতি বছর শহরের বিশিষ্ট নাগরিকদের মধ্য থেকে এক জনকে কলকাতা শেরিফ হিসেবে মনোনীত করা হয়। এটি একটি অরাজনৈতিক এবং সম্মানসূচক পদ। এক বছরের জন্য নিয়োগ করা হয়। হাইকোর্ট তিন জনের একটি প্যানেল তৈরি করে এবং রাজ্যপাল তার মধ্যে থেকে শেরিফ নিয়োগ করেন।
পরিচালক তার পুরনো ছবির ‘রেস্টোরেশন’-এর কাজে চেন্নাই যাচ্ছেন। ফিরে এসে দায়িত্ব বুঝে নেবেন। ক্ষমতা অনুযায়ী কলকাতা এবং কলকাতাবাসীর জন্য কিছু করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি।
বরাবর রাজনীতি থেকে দূরে থেকেছেন পরিচালক গৌতম ঘোষ বরং সিনেমা নিয়েই তিনি খুশি থেকেছেন। ২০২৪ থেকে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দায়িত্ব সামলেছেন। প্রসঙ্গত, ঔপনিবেশিক আমলের এই আলংকারিক শেরিফ পদটি এখনও পর্যন্ত কেবল কলকাতা এবং মুম্বইয়ে টিকে রয়েছে। তবে অনেক সময় এটি তুলে দেয়ারও দাবি উঠেছে। এর প্রয়োজনীয়তা নিয়ে বিতর্কও তৈরি হয়েছে।
