শরণখোলায় শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার

ফন্ট সাইজ:

নদীতে ঝাঁপ দিয়ে পানির মধ্যে কিছু সময় লুকিয়ে থেকেও শেষ রক্ষা হলো না বাগেরহাটের শরণখোলা উপজেলার চিহ্নিত শীর্ষ মাদক কারবারি ও সন্ত্রাসী ইলিয়াস তালুকদারের। গত রোববার বিকালে শরণখোলা থানা পুলিশ উপজেলার রায়েন্দা বাজারের ওয়াপদা কলোনির পরিত্যক্ত ভবন এলাকা থেকে তাকে ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ গ্রেপ্তার করে। পরে সন্ধ্যায় তার বসতঘর তল্লাশি চালিয়ে চাইনিজ কুড়াল ও চাপাতিসহ বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

পরে পুলিশ তার সঙ্গী ও মাদক বিক্রেতা উত্তর আমড়াগাছিয়া এলাকার সোহাগকে আটক করে। গ্রেপ্তারকৃত ইলিয়াস তালুকদার (৪৩) উপজেলার রায়েন্দা গ্রামের মৃত হাসেম তালুকদারের ছেলে। দীর্ঘদিন ধরে দাপটের সঙ্গে প্রকাশ্যে ও অপ্রকাশ্যে পেশিশক্তি ব্যবহার করে এলাকায় ত্রাস সৃষ্টি করে ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন রকের মাদক বিক্রি করে আসছে এমন অভিযোগ করেছে এলাকাবাসী। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গোপন সংবাদে শরণখোলা থানা পুলিশ ইলিয়াসের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইলিয়াস ওয়াপদা কলোনির বাউন্ডারি ওয়াল টপকে পার্শ্ববর্তী নদীর পানিতে ডুব দিয়ে আত্মগোপন করে। তবে পুলিশের কড়া নজরদারি ও নিখুঁত তল্লাশির মুখে শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে শরণখোলা থানায় ৮টি মামলা ও সোহাগের বিরুদ্ধে ২টি মামলা চলমান রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

শরণখোলা থানার ওসি রোকেয়া খানম জানান, ইলিয়াসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন একটি মামলা দায়ের করে তাকে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন