কুলাউড়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ইউপি সদস্যকে জরিমানা

কুলাউড়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ইউপি সদস্যকে জরিমানা

ফন্ট সাইজ:

মৌলভীবাজারের কুলাউড়ায় অবৈধভাবে বালু উত্তোলন, মজুত ও পরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ইউপি সদস্যকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অপর এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। একইসঙ্গে জব্দ করা বালু চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়। সোমবার দুপুরে উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর এলাকায় মনু নদীর বিভিন্ন স্থানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শরীফপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার লাল মিয়া ও তার ছেলেকে অবৈধভাবে মনু নদী থেকে বালু উত্তোলন করে নিজ বাড়িতে মজুত রাখার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া, মাসুম মিয়া নামে এক ব্যক্তিকে অবৈধভাবে বালু পরিবহনের দায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস জানান, অভিযানে পূর্বে জব্দ করা বালুর পাশাপাশি নতুন করে জব্দ করা বালুও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় দেয়া হয়েছে। অভিযানের সময় শরীফপুর ইউনিয়নের একটি সরকারি রাস্তা অবৈধ দখলমুক্ত করে সীমানা (ডিমার্কেশন) নির্ধারণ করে দেয়া হয়েছে বলেও তিনি জানান।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন