পল্লী বিদ্যুতের লাইনম্যানের বিরুদ্ধে ধর্ষণ মামলা

ফন্ট সাইজ:

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার করফা বাজার পল্লী বিদ্যুৎ সাব-অফিসের লাইনম্যান মো. সাইদুল ইসলাম সিরাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। গত রোববার রাতে তৃষ্ণা রানী মণ্ডল নামে এক নারী বাদী হয়ে নেছারাবাদ থানায় মামলাটি করেন। এর আগে বিয়ের দাবিতে ওই নারী সিরাজকে তার বাসায় অবরুদ্ধ করে রাখেন বলে স্থানীয়ভাবে আলোচনা হয়। পরে পল্লী বিদ্যুতের কর্মকর্তারা গিয়ে তাকে সেখান থেকে উদ্ধার করেন। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা হলেও শেষ পর্যন্ত কোনো সমাধান না হওয়ায় ওই নারী থানায় মামলা দায়ের করেন।

মামলার বাদী তৃষ্ণা রানী মণ্ডল অভিযোগ করেন, করফা বাজারে তার একটি চায়ের দোকান রয়েছে। দোকানের পাশেই পল্লী বিদ্যুতের সাব-অফিসে কর্মরত সাইদুল ইসলাম সিরাজ নিয়মিত তার দোকানে আসা-যাওয়া করতেন। পরিচয়ের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগ করেন তিনি। মামলার এজাহারে বাদীর আরও দাবি, সর্বশেষ গত ১১ই জুলাই গভীর রাতে সিরাজ তার দোকানে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন। এরপর বিষয়টি জানাজানি হলে বিয়ের কথা বললেও সিরাজ পরে বিয়ে করতে অস্বীকৃতি জানান। অন্যদিকে অভিযুক্ত সিরাজ অভিযোগ অস্বীকার করে বলেন, ওই নারীর সঙ্গে তার কোনো প্রেমের সম্পর্ক ছিল না। তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। করফা বাজার পল্লী বিদ্যুৎ সাব-অফিসের কর্মকর্তা মো. জাহাঙ্গীর বলেন, নারী-সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয়রা সিরাজকে একটি ঘরে আটকে রেখেছিল।

পরে স্থানীয়ভাবে সমঝোতার চেষ্টা হলেও তা সফল হয়নি। পরবর্তীতে বিষয়টি থানায় মামলা পর্যন্ত গড়ায়। নেছারাবাদ থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, এ ঘটনায় এক নারী বাদী হয়ে সিরাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন