কক্সবাজারের উখিয়ায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ভোর আনুমানিক ৩টা ২০ মিনিটে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার ময়নার ঘোনা মরাগাছতলা বাজারে কামালের মুদি দোকানের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর সিপিসি-২ এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। আটক ব্যক্তির দেহ তল্লাশি করে তার কোমরে গোঁজা অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ম্যাগাজিনে থাকা তিন রাউন্ড গুলি (দুটি তাজা ও একটি আঘাতপ্রাপ্ত) এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি হাফেজ শফিক (১৯)। তিনি রোহিঙ্গা ক্যাম্প-১১-এর ব্লক-এ/৬-এর বাসিন্দা। তার বাবার নাম ফারুক আহমেদ এবং মায়ের নাম লায়লা বেগম।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাফেজ শফিক অস্ত্র বহনের বিষয়ে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি। তার বিরুদ্ধে অস্ত্র আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামি, উদ্ধার হওয়া অস্ত্র-গুলি এবং অন্যান্য আলামত উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
