সিলেটে হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। সিলেটে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মারা গেছেন ১১৬ জন। মারা যাওয়া দুই শিশুই সুনামগঞ্জ জেলার বাসিন্দা। তাদের একজন জগন্নাথপুর উপজেলার ছয় মাস পাঁচ দিন বয়সী ও অন্যজন সুনামগঞ্জ সদর উপজেলার ছয় মাস বয়সী। তারা দু’জনই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। স্বাস্থ্য বিভাগের সোমবার প্রকাশিত দৈনিক পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, হামের উপসর্গ নিয়ে সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২৫৪ জন চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ২৫৪ রোগীর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১০২ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬৯ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৬ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৫ জন চিকিৎসা নিচ্ছেন। এদিকে, হামের মধ্যে চোখ রাঙাচ্ছে ডেঙ্গুও।
চলতি বছর সিলেটে ডেঙ্গুতে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে গতকাল। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তি সিলেট জেলার বাসিন্দা। তার নাম আফিয়া খানম। তার বয়স ৫৪ বছর। তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
