অনিয়ম ও অবহেলার অভিযোগে গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার সকালে গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া তাদের সাময়িক দরখাস্ত করেন। ওই ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন চালিয়ে দালাল দিয়ে সরকারি কাজ করানো এবং দাপ্তরিক কাজে অবহেলার অভিযোগে তাদের সাময়িক বরখাস্ত করা হয়।
একইসঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তা কর্মচারীরা হলেন- কাশিমপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ওয়াজেদ আলী খান, অফিস সহায়ক মো. শফিকুল ইসলাম, অফিস সহায়ক মুহাম্মদ মোস্তফা কামাল ও অফিস সহায়ক আব্দুল হালিম। জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, গাজীপুরের বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসে দীর্ঘদিন ধরেই অনিয়ম ও দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছিল। বর্তমান জেলা প্রশাসক গাজীপুরে যোগদান করার পর থেকেই আকস্মিক বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন শুরু করেন। তারই ধারাবাহিকতায় সকালে গাজীপুরের কাশিমপুর ভূমি অফিস পরিদর্শনে যান। এ সময় সরকারি দাপ্তরিক কাজ বাইরের লোকজন বা দালালদের মাধ্যমে করানো হচ্ছিল। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা, সেবাগ্রহীতাদের যথাযথ সেবা না দেয়াসহ একাধিক অভিযোগ পাওয়া যায়। এসব অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে ওই চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়।
এবিষয়ে গাজীপুর জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া বলেন, কাশিমপুর ভূমি অফিসে যারা আছে তারা কোনো কাজই প্রকৃত নিয়ম মেনে করছে না। এ ছাড়াও তাদের বিরুদ্ধে অনেক মানুষের অভিযোগ রয়েছে। সেই অভিযোগের আলোকে কাগজপত্র যাচাই-বাছাই করে ব্যাখ্যা চাইলে তারা ব্যাখ্যা দিতে পারেনি। কোনো কাগজপত্র দেখাতে পারেনি। নামজারিদের সফটওয়্যার আছে সেটিও দেখাতে পারেনি। এসব কারণেই ওখানে যে সকল কর্মকর্তা-কর্মচারী ছিল সবাইকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা, গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন ও টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার হাসিবুর রহমান জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন। পরে তিনি জেলার সফিপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করে সেখানেও কিছু অনিয়ম পেলে তাদেরকে সতর্ক করে নানা নির্দেশনা দেন জেলা প্রাশাসক।
