শর্ত সাপেক্ষে মুক্তি পেতে পারেন ইমরান খান

দাবি পরিবারের

শর্ত সাপেক্ষে মুক্তি পেতে পারেন ইমরান খান

ফন্ট সাইজ:

রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের নির্জন প্রকোষ্ঠে বন্দি রয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী ক্রিকেট অধিনায়ক ইমরান খান। তার কারাবাসের তিন বছর পূর্ণ হতে চলেছে। তবে শারীরিক অসুস্থতার কারণে শেষ পর্যন্ত কারাগার থেকে মুক্তি পেতে পারেন তিনি। পর্দার আড়ালে তার মুক্তির বিষয়ে আলোচনা শুরু হলেও বর্তমান শেহবাজ শরিফের সরকার এতে একেবারেই নারাজ। এ খবর দিয়েছে দ্য অবজারভার। ইমরান খানকে আটকে রাখায় পাকিস্তানে রাজনৈতিক অচলাবস্থা চলছে। এ অবস্থা দূর করতে সেনাসমর্থিত মহল এবং ইমরান খানের পরিবারের মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে কিছু গোপন আলোচনা চলছে।

এক সূত্র জানিয়েছে, পাকিস্তানের ভবিষ্যৎ অগ্রগতির জন্য এই রাজনৈতিক অচল অবস্থার অবসান ঘটানো জরুরি। ৭৩ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রীর চোখের অস্ত্রোপচারের পর স্বাস্থ্যের মারাত্মক অবনতি ঘটেছে। দীর্ঘদিন ধরে স্বজনদের সাথে যোগাযোগ বন্ধ থাকায় তার মৃত্যু নিয়ে গুঞ্জন তৈরি হয়েছিল। এ নিয়ে মুখ খুলেছেন ইমরানের দুই ছেলে সুলাইমান ও কাসিম। তারা এক বিবৃতিতে জানান, আর চুপ থাকা কোনো বিকল্প হতে পারে না। আমাদের বাবাকে সাত মাসেরও বেশি সময় ধরে বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছে। দীর্ঘ কারাবাসে তার স্বাস্থ্যের যে অবনতি ঘটেছে তা নিয়ে আমরা গভীরভাবে শঙ্কিত, এবং তার সাথে স্বাধীনভাবে যোগাযোগের সুযোগ আমাদের দেয়া হচ্ছে না।

ইমরানের আন্তর্জাতিক গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা সৈয়দ জুলফি বুখারি বলেন, ইমরান খানের স্বাস্থ্যের অবনতি ঘটছে এবং তার জরুরি ভিত্তিতে সঠিক চিকিৎসা প্রয়োজন। তাকে সম্পূর্ণ একাকী রাখা হয়েছে এবং বোন, পরিবার বা আইনজীবীদের সাথেও দেখা করতে দেওয়া হচ্ছে না। সরকারের ন্যূনতম দায়িত্ববোধ থাকলে তাকে শারীরিক অসুস্থতার দরুণ অবিলম্বে মুক্তি দেওয়া উচিত। বিশেষজ্ঞরা বলছেন, ২০১৯ সালে নওয়াজ শরিফকে যেমন চিকিৎসার অনুমতি দিয়ে বিদেশে পাঠানোর চুক্তি হয়েছিল, ইমরানের ক্ষেত্রেও তেমন চেষ্টা হতে পারে। কিন্তু ইমরান রাজনীতি ছেড়ে বিদেশে যাওয়ার শর্ত মানবেন কি না, তা নিয়ে অনেকেই সন্দিহান। তার বন্ধু ও মানবাধিকার আইনজীবী ক্লাইভ স্ট্যাফোর্ড স্মিথ বলেন, তিনি ভীষণ একগুঁয়ে।

ওয়েস্ট ইন্ডিজের গতিদানবদের বিরুদ্ধে যে মানুষ হেলমেট ছাড়াই ব্যাট করতে নামতেন, তিনি এসব শর্ত মানতে চাইবেন না। এদিকে পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ক প্রতিমন্ত্রী তালাল চৌধুরী মুক্তির খবর উড়িয়ে দিয়ে বলেছেন, ইমরান খানের সাথে যদি কোনো আলোচনা হয়, তবে তা সরাসরি সরকারের সাথে হবে। এটা একটি রাজনৈতিক বিষয় এবং এতে অন্য কারো কোনো হাত নেই। ইমরান খান সম্পূর্ণ সুস্থ আছেন এবং তাকে চিকিৎসাজনিত কারণে জামিন দেওয়ার কোনো যুক্তি নেই। তার মামলার ভাগ্য আদালতেই ঠিক হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন