সহকারী অ্যাটর্নি জেনারেল পদ থেকে মাহফুজুর রহমানের পদত্যাগ

ফন্ট সাইজ:

নবনিযুক্ত সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মাহফুজুর রহমান দায়িত্ব গ্রহণের কয়েক দিনের মধ্যেই পদত্যাগ করেছেন। সোমবার (৩ আগস্ট) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে তিনি এ সংক্রান্ত একটি পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, গত ৩০ জুলাই ২০২৬ তারিখে আইন ও বিচার বিভাগের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে ১৭৯ জনের সঙ্গে তাকে সহকারী অ্যাটর্নি জেনারেল  হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে ব্যক্তিগত কারণবশত তিনি ওই পদে দায়িত্ব পালন করতে অপারগ হওয়ায় ৩ আগস্ট ২০২৬ থেকে স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
আবেদনে তিনি তার পদত্যাগপত্র সদয় বিবেচনায় গ্রহণ করে তাকে সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানান।
পদত্যাগপত্রে মো. মাহফুজুর রহমান নিজেকে সহকারী অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ হিসেবে উল্লেখ করেছেন। তার পিতার নাম মো. আব্দুল গফুর সরদার। গত ৩০ জুলাই প্রকাশিত নিয়োগের তালিকায় তার সিরিয়াল নম্বর ছিল ১৪৬।

উল্লেখ্য, গত ৩০শে জুলাই সরকার রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয়া হয়। ওই নিয়োগকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচি করে নিয়োগ বঞ্চিতরা। এর মধ্যেই নবনিযুক্ত সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মাহফুজুর রহমানের পদত্যাগের ঘটনা সামনে এলো।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন