তরুণ প্রজন্মকে ‘আবর্জনা’ বলে তোপের মুখে পড়ার সপ্তাহ পার হতেই সুর বদলালেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। আন্তর্জাতিক বন্ধুত্ব দিবসে একবারে উল্টো পিঠে হেঁটে তরুণদের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেন তিনি। সামাজিক মাধ্যমে নিজের ‘অল্পবয়সি বন্ধু’দের শুভেচ্ছা জানিয়েছেন। সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে জিমসেশনের একটি ঘটনার কথা তুলে ধরেন কঙ্গনা লেখেন, আজ জিমে আমার পরিচিত দুই জেনজি মেয়ের সঙ্গে দেখা হল। ওরা আমাকে বলল, কঙ্গনা দিদি, আমরা ডিজিটাল যুগে জন্মেছি।
সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, ডেটিং অ্যাপ, এআই এ সবই আমাদের জীবনের অংশ। আমরা অনেকেই এগুলো ব্যবহার করি এবং অনেকের পক্ষেই এখন এগুলো ছাড়া জীবন কল্পনা করা কঠিন। প্রত্যেকেই নিজের মতো করে বাঁচার স্বাধীনতা চায়। তরুণীদের এমন বক্তব্যের জবাবে নিজের কঠোর অবস্থান বজায় রেখেই পরামর্শ দেন কঙ্গনা। তিনি লেখেন, আমি ওদের বললাম, যতক্ষণ না তোমরা অন্যের সন্তানকে পাহাড় থেকে ফেলে দিচ্ছ বা টুকরো টুকরো করে কাটছ, ততক্ষণ নিজের মতো করে বাঁচার স্বাধীনতা অবশ্যই রয়েছে।
অনলাইন জীবনের স্বাধীনতার পাশাপাশি সামাজিক দায়িত্ববোধের কথা স্মরণ করিয়ে দিয়ে পোস্টের শেষে এই অভিনেত্রী লেখেন, উদার জীবনধারা ও রক্ষণশীল জীবনধারার সংঘাতের জেরে বহু নিরীহ শিশু প্রাণ হারাচ্ছে, যা আমাদের কাছে উদ্বেগের বিষয়। ওরাও একমত হয়েছে যে, স্বাধীনতার সঙ্গে দায়বদ্ধতাও জরুরি। আমার জেন জি বন্ধুদের বন্ধুত্ব দিবসের শুভেচ্ছা। শান্তি বজায় রাখুন।
এর আগে ভারতে নিট প্রশ্নফাঁস ও পরীক্ষায় অনিয়ম নিয়ে ‘ককরোচ জনতা পার্টি’র নেতৃত্বে চলা ছাত্র আন্দোলন নিয়ে পোস্ট করে ক্ষোভের মুখে পড়েন কঙ্গনা। আন্দোলনকারীদের ভাষা ও আচরণ দেখে নিজের ‘বমি আসছে’ উল্লেখ করে তাদের ‘আবর্জনা’ বলে কটাক্ষ করেন।
