দেশের বরেণ্য অভিনেত্রী দিলারা জামান। ছয় দশকেরও বেশি সময় ধরে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে সমান তালে অভিনয় করে চলেছেন। বয়স যেন তার কাছে শুধুই সংখ্যা মাত্র। নিয়মিত এখনো টিভি নাটকে অভিনয় করে যাচ্ছেন। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন- একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ৮৫ বছর বয়সে মাসের অনেকটা দিনই তিনি দাঁড়াচ্ছেন ক্যামেরার সামনে। এদিকে, সম্প্রতি মুক্তি পাওয়া ‘শেকড়’ সিনেমাতে দেখা গেছে তাকে। দীর্ঘ অভিনয় জীবন, পরিবর্তন এবং বর্তমান ব্যস্ততা নিয়ে মানবজমিনের সঙ্গে কথা বলেছেন তিনি। আগের থেকে এখনকার সময়ের পার্থক্যটা কেমন মনে হয়? দিলারা জামান বলেন, কাজ করছি প্রায় ৬০ বছর হয়ে গেল।
পূর্বে অভিনয়ের এত ক্ষেত্র ছিল না। বিশেষ করে মেয়েদের জন্য পথটা ছিল দুর্গম। এখনকার মতো সুযোগ-সুবিধাও ছিল না। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলেছে। এখন অভিনয়কে মানুষ লেখাপড়ার বিষয় হিসেবে নিচ্ছে। পেশা হিসেবে গ্রহণ করছে। তবে এখনো এই পেশায় অনেক প্রতিকূলতা ও বাধা রয়েছে। অভিনয়ে আসার পেছনের গল্প বলতে গিয়ে তিনি বলেন, আসলে কিছু পাওয়ার জন্য কাজ করিনি। তখন এটাকে পেশা হিসেবে নেবো- এমন চিন্তাও ছিল না। ভালো লাগা থেকেই অভিনয়ে এসেছিলাম। পরে ধীরে ধীরে কাজের ক্ষেত্র তৈরি হয়েছে। মঞ্চ থেকে শুরু করে টেলিভিশন, সিনেমা- সব জায়গাতেই কাজ করেছি।
দর্শক আমাকে যে ভালোবাসা দিয়েছেন, সেটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। দীর্ঘ ক্যারিয়ারে দেখেছেন সিনেমার গল্পের পরিবর্তন, সেই প্রসঙ্গে বরেণ্য এ অভিনেত্রী বলেন, পরিবর্তন তো সময়ের সঙ্গে হবেই। তখনকার মানুষের চাওয়া-পাওয়া, জীবনযাপন একরকম ছিল, এখন সবকিছুই বদলে গেছে। সমস্যা বদলেছে, বাস্তবতা বদলেছে। সেই পরিবর্তনকে মেনে নিয়েই আমাদের কাজ করতে হচ্ছে। বর্তমান ব্যস্ততা নিয়ে দিলারা জামান বলেন, এখন নতুন কয়েকটি ধারাবাহিকের কাজ করছি। ‘শেকড়’ ছবির কাজ আগেই শেষ করেছিলাম, সেটি এখন মুক্তি পেয়েছে। আরেকটি নতুন সিনেমার কাজ করেছি, একজন তরুণ নির্মাতা পরিচালনা করেছেন। এ ছাড়াও আরও কিছু নাটকের কাজ রয়েছে।
