রিয়েলিটি টিভি তারকা ও ইনফ্লুয়েন্সার মলি-মে হেগ নিশ্চিত করেছেন, পার্টনার টমি ফিউরির সঙ্গে আপাতত আরেকটি সন্তানের পরিকল্পনা করছেন না। দ্বিতীয় সন্তান মিদাসের জন্মের মাত্র দুই মাস পর তিনি এ কথা জানান। নিজের ইউটিউব ভ্লগে মলি-মে বলেন, উইম্বলডনে যাওয়ার আগের দিন তিনি প্রসূতি বিশেষজ্ঞের কাছে ছয় সপ্তাহের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে যান। সেখানে জন্মনিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করতে গিয়ে সেদিনই তিনি কেজলিনা নামের একটি হরমোনাল ইনট্রাউটেরিন ডিভাইস (আইইউডি) ব্যবহার শুরু করেন, যা পাঁচ বছর পর্যন্ত কার্যকর থাকে। মলি-মে জানান, এই সিদ্ধান্তটি ছিল একেবারেই তাৎক্ষণিক। পরে মজা করে বলেন, উইম্বলডনের ভিআইপি স্যুটে থাকা প্রায় সবাইকে তিনি নতুন জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি নেয়ার কথা বলে ফেলেছিলেন।
এ খবর দিয়েছে বৃটিশ একটি ট্যাবলয়েড পত্রিকা। পরিবার পরিকল্পনা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, এখন আমাদের জীবনে আরেকটি গর্ভধারণের প্রয়োজন নেই। অবশ্যই সন্তান আশীর্বাদ। কিন্তু এই মুহূর্তে আমরা সেটি চাই না। আমার মনে হয়, সন্তান নেয়ার বিষয়টি আমার জন্য এখানেই শেষ। এদিকে, বৃটিশ গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, মলি-মের এই মন্তব্য টমি ফিউরির পরিবারের কিছু সদস্যের মধ্যে অসন্তোষের সৃষ্টি করেছে। প্রতিবেদনে পারিবারিক সূত্রের বরাত দিয়ে বলা হয়, ফিউরি পরিবারের কয়েকজন সদস্য মনে করেন, তারা নবজাতক মিদাসের সঙ্গে প্রত্যাশিত সময় কাটানোর সুযোগ পাচ্ছেন না। এছাড়া মলি-মে ও টমির পারিবারিক ও সাংস্কৃতিক পটভূমির পার্থক্যের কারণে দীর্ঘদিনের কিছু মতবিরোধ এখনও পুরোপুরি কাটেনি।
আরেকটি সূত্রের দাবি, পরিবার ও ভবিষ্যৎ নিয়ে মলি-মে এবং টমির আত্মীয়দের দৃষ্টিভঙ্গির মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। বিশেষ করে মলি-মের আর সন্তান না চাওয়ার মন্তব্যটি ফিউরি পরিবারের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে। তবে মলি-মে বা টমি ফিউরি এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
