শ্রীলঙ্কার বিপক্ষে নেই বুমরাহ

শ্রীলঙ্কার বিপক্ষে নেই বুমরাহ

ফন্ট সাইজ:

শ্রীলঙ্কা সফর শুরুর আগেই বড় ধাক্কা খেল ভারতীয় ক্রিকেট দল। বাঁ হাঁটুর চোট থেকে পুরোপুরি সেরে উঠতে না পারায় শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন পেসার জাসপ্রিত বুমরাহ। বেশ কিছুদিন ধরে বিশ্বের এক নম্বর টেস্ট বোলারের ফিটনেস নিয়ে শঙ্কা ছিল। ফিটনেসের শর্ত পূরণ না হওয়ায় কোনো ঝুঁকি না নিয়ে তাকে বিশ্রামে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

ইংল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক ওয়ানডে সিরিজ চলাকালে ফিল্ডিংয়ের সময় বাঁ হাঁটুতে চোট পান বুমরাহ। এই চোটের কারণে লর্ডসে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি মিস করেন তিনি। গত ১৬ই জুলাই কার্ডিফের ম্যাচ ছিল ভারতের হয়ে তার সবশেষ ম্যাচ। চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই বাঁ হাঁটুর সমস্যায় ভুগছেন এই পেসার। ইংল্যান্ড সিরিজ শেষ হওয়ার পরপরই বিসিসিআই মেডিকেল টিমের পরিকল্পনা অনুযায়ী বুমরাহর হাঁটুতে ইনজেকশন দেয়া হয়। এরপর বেঙ্গালুরুর বিসিসিআই ‘সেন্টার অব এক্সিলেন্সে’ চলে তার রিহ্যাব প্রক্রিয়া। তবে ফিটনেস পরীক্ষায় দেখা যায়, হাঁটুতে এখনো অস্বস্তি রয়ে গেছে।

নতুন অধিনায়ক শুভমান গিল এবং সহ-অধিনায়ক কে এল রাহুলের নেতৃত্বে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে তারা। বুমরাহর অনুপস্থিতিতে পেস আক্রমণের দায়িত্ব সামলাবেন মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা ও গুরনুর ব্রার। তবে স্বস্তির খবর, চোট সারিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। যদিও হ্যামস্ট্রিং চোটে নেই ওয়াশিংটন সুন্দর। সিরিজের আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আগামী ৭ই আগস্ট থেকে কলম্বোয় চার দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল। আগামী ১৫ থেকে ১৯শে আগস্ট গলের আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ২৩ থেকে ২৭শে আগস্ট কলম্বোর সিনহালিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন