টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে কোনো টুর্নামেন্টের ফাইনালে এত কম রান ডিফেন্ড করে জয়ের রেকর্ড আগে দেখেনি ক্রিকেটবিশ্ব। গায়ানার প্রভিডেন্সে গ্লোবাল সুপার লীগ (জিএসএল) টি-টোয়েন্টির রোমাঞ্চকর এক লো-স্কোরের ফাইনালে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসকে ৬ রানে হারিয়ে দিলো গায়ানা আমাজন ওয়ারিয়র্স। ফলে টানা দ্বিতীয়বারের মতো জিএসএল টি-টোয়েন্টির শিরোপা টানা নিজেদের ঘরে তুললো ইমরান তাহিরের নেতৃত্বাধীন দলটি।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে গায়ানা। পিটার সিডল (৩-১৮) এবং তরুণ লেগ স্পিনার অনিরুদ্ধ ইমানুয়েলের (৩-৭) বোলিং তোপে মাত্র ২৯ রানেই ৮ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে দলটি। এক পর্যায়ে মনে হচ্ছিল সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার লজ্জা পেতে যাচ্ছে স্বাগতিক দলটি। তবে নবম উইকেটে অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াসের সঙ্গে ম্যাথু ফোর্ডের প্রতিরোধ গড়ায় দলীয় সংগ্রহ ৮৫ পর্যন্ত পৌঁছায়। লো অর্ডার ব্যাটারদের দৃঢ়তায় ফোর্ডের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ২৮ রান। ১৮.৫ ওভারেই গুটিয়ে যায় গায়ানা। তাদের হয়ে দুই অঙ্কের রান ছুঁতে পারেন স্রেফ শেষের তিন ব্যাটার।
৮৬ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটাও ভালো করে সান ফ্রান্সিসকো। তবে প্রিটোরিয়াসের জোড়া আঘাতে পাওয়ার প্লের আগেই চাপে পড়ে যায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন অলিভার পিক। এরপর মোহাম্মদ নবী এবং অভিজ্ঞ লেগ স্পিনার ও অধিনায়ক ইমরান তাহিরের ঘূর্ণি জাদুতে পথ হারায় ইউনিকর্নসরা। নবী (৩-১২) ও তাহির (২-১৬) মিলেই প্রতিপক্ষের মিডল অর্ডার ধসিয়ে দেন। শেষ পর্যন্ত ১৮.৩ ওভারে ৭৯ রানে অলআউট হয়ে যায় সান ফ্রান্সিসকো।
ম্যাচের একেবারে শেষদিকে নাটকীয়তা চূড়ান্ত রূপ নেয়। জয়ের জন্য শেষ ১০ বলে যখন মাত্র ৭ রান দরকার, ঠিক তখনই রানআউটের ফাঁদে পড়ে শেষ উইকেট হারায় ইউনিকর্নস। শিমরন হেটমেয়ারের দুর্দান্ত ফিল্ডিংয়ে রানআউট হন ক্যালুম স্টোভ। আর তাতে মাত্র ৮৫ রান ডিফেন্ড করে পেশাদার টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালের ইতিহাসে সর্বনিম্ন পুঁজি ডিফেন্ড করার রেকর্ড গড়ে গায়ানা।
অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে ম্যাচসেরার পুরস্কার ওঠে ডোয়াইন প্রিটোরিয়াসের হাতে। ব্যাট হাতে দলের বিপদে লড়ার পাশাপাশি বল হাতেও দুর্দান্ত পারফর্ম করে দলের জয়ে মূখ্য ভূমিকা পালন করেন এই দক্ষিণ আফ্রিকান তারকা। এর মাধ্যমে সফল অধিনায়ক ইমরান তাহিরের নেতৃত্বে জিএসএলের টানা শিরোপা জয় করলো গায়ানা আমাজন ওয়ারিয়র্স।
