চেক ডিজঅনার মামলায় রিজেন্টের সেই সাহেদের এক বছরের কারাদণ্ড

চেক ডিজঅনার মামলায় রিজেন্টের সেই সাহেদের এক বছরের কারাদণ্ড

ফন্ট সাইজ:

করোনার সময় নমুনা পরীক্ষা নিয়ে জালিয়াতির মাধ্যমে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করা রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমকে ২৩ লাখ ১৮ হাজার ৩৫৮ টাকার চেক ডিজঅনারের এক মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাকে চেকের সমপরিমাণ অর্থদণ্ডেও দণ্ডিত করা হয়েছে। রোববার ঢাকার তৃতীয় যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আরিফুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৬ জুলাই ‘বাহার ট্রেডার্স ইন্টারন্যাশনাল’-এর স্বত্বাধিকারী হাফিজ উদ্দিন বাহার সাহেদের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেছিলেন। বাদীর কাছ থেকে বিভিন্ন নির্মাণসামগ্রী ক্রয়ের পর ২০১৯ সালের ১০ ডিসেম্বর উত্তরা ব্যাংকের নবাবপুর শাখার একটি চেক দিয়েছিলেন সাহেদ।

২০২০ সালের মে মাসে সংশ্লিষ্ট ব্যাংকে জমা দিলে হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি নগদায়ন না হয়ে ফেরত আসে (ডিজঅনার)। পরবর্তীতে আইনি নোটিশের নির্ধারিত মেয়াদের মধ্যে অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় এই মামলা গড়ায় আদালতে।
আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ দবির উদ্দিন জানান, গত ৩ মে সাহেদের অনুপস্থিতিতেই বিচারক মামলাটির রায় ঘোষণা করেছিলেন। রোববার তাকে সাজার পরোয়ানার ভিত্তিতে এ মামলায় গ্রেপ্তার দেখানোর পর জামিন আবেদন করা হলে বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বর্তমানে সাহেদ করিমের বিরুদ্ধে অস্ত্র, প্রতারণা ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনসহ ৩৫টিরও বেশি মামলা চলমান রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন