যুক্তরাষ্ট্রের আইডাহোতে শপিং সেন্টারে বন্দুক হামলায় নিহত ৩

যুক্তরাষ্ট্রের আইডাহোতে শপিং সেন্টারে বন্দুক হামলায় নিহত ৩

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের টুইন ফলস শহরের একটি ব্যস্ত শপিং এলাকায় বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। গুলিবর্ষণের এই ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও দুইজন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। হামলার পরে ওই বন্দুকধারীও নিহত হয়েছেন এবং বর্তমানে সাধারণ মানুষের জন্য আর কোনো হুমকি নেই বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। টুইন ফলস শহরের গণমাধ্যম বিষয়ক সমন্বয়কারী জশ পামার রয়টার্সকে জানান, শনিবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে একটি ব্যস্ত বাণিজ্যিক এলাকার ‘ইন-এন-আউট বার্গার’ রেস্তোরাঁর কাছে এই বন্দুক হামলার ঘটনা ঘটে।

ঘটনার প্রায় এক ঘণ্টা পর পুলিশ হামলাকারীকে নিষ্ক্রিয় করার খবর নিশ্চিত করে। এক সংবাদ সম্মেলনে টুইন ফলস পুলিশ প্রধান ম্যাথিউ হিকস জানান, নিহতদের মধ্যে হামলাকারী নিজেও রয়েছে। পুলিশ বর্তমানে নিহত বন্দুকধারীর পরিচয় শনাক্ত করার পাশাপাশি এই হত্যাকাণ্ডের মূল কারণ ও উদ্দেশ্য অনুসন্ধানে কাজ চালিয়ে যাচ্ছে। ঘটনার পরপরই সুরক্ষার স্বার্থে আশপাশের সড়ক ও কাছের একটি সেতু সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। প্রায় ৪৭ হাজার মানুষের বাসভূমি টুইন ফলস শহরটি আইডাহোর ম্যাজিক ভ্যালি অঞ্চলে অবস্থিত।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন