ভুল স্বীকার করলেন এড শিরান, গাজার পরিস্থিতিকে বললেন ‘অগ্রহণযোগ্য’

ভুল স্বীকার করলেন এড শিরান, গাজার পরিস্থিতিকে বললেন ‘অগ্রহণযোগ্য’

ফন্ট সাইজ:

অবশেষে ভুল স্বীকার করে ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করেছেন বৃটিশ পপ তারকা এড শিরান। নিজের সঙ্গীত সফরকে ঘিরে তৈরি হওয়া তীব্র বিতর্কের মুখে তিনি দুঃখ প্রকাশ করেন। শনিবার রাতে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় একক কনসার্টের মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, গাজার পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ, অগ্রহণযোগ্য এবং অসম। একই সঙ্গে ৭ই অক্টোবরের হামাস নেতৃত্বাধীন হামলাকে অত্যন্ত ভয়াবহ বলে আখ্যা দেন তিনি। এ খবর প্রকাশ করেছে বিবিসি।

ফিলিস্তিনের সমর্থনে মঞ্চে বক্তব্য দেয়ায় মার্কিন র‌্যাপার ম্যাকলমোরকে সফর থেকে বাদ দেয়ার ঘটনায় বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েন শিরান। অনুষ্ঠানের শুরুতে আবেগাপ্লুত হয়ে তিনি জানান, তিনি কখনো কোনো আন্দোলনকারী সঙ্গীতশিল্পী হতে চাননি, কিন্তু এই বিতর্ক তাকে বাক্‌স্বাধীনতা এবং বিশ্বের সবচেয়ে জটিল রাজনৈতিক বিষয়ের মাঝখানে এনে দাঁড় করিয়েছে। তিনি নিজের সঙ্গীতজীবনে কোনো রাজনৈতিক ভাষ্যকার হতে চাননি উল্লেখ করে বলেন, এটি মূলত একটি মানবিক বিষয় এবং নিজের ভেতরের অনুভূতি আর লুকিয়ে রাখা সম্ভব নয়। গাজায় সাধারণ মানুষ ও শিশুদের প্রাণহানি এবং পশ্চিম তীরে চলমান কাঠামোগত অবিচার কোনোভাবেই এড়িয়ে যাওয়া যায় না বলে মন্তব্য করেন এই বৃটিশ তারকা। ভেন্যু কর্তৃপক্ষের মাধ্যমে শিল্পীদের বক্তব্যে নজরদারি বা আগে থেকে অনুমোদনের ব্যবস্থারও বিরোধিতা করেন তিনি।

কনসার্ট আয়োজক প্রতিষ্ঠান মেসিনা ট্যুরিং গ্রুপ ম্যাকলমোরকে বাদ দেয়ার পেছনে ভেন্যু কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার কথা উল্লেখ করেছে। বোস্টনের জিলেট স্টেডিয়ামের মালিক ও মার্কিন ধনকুবের রবার্ট ক্রাফট সাফ জানিয়ে দেন, ম্যাকলমোর থাকলে তিনি স্টেডিয়ামে কনসার্ট করতে দেবেন না। ম্যাকলমোরকে এভাবে বাদ দেয়ার প্রতিবাদে আইরিশ গায়ক অ্যারন রো, ডেনিশ সঙ্গীতশিল্পী লুকাস গ্রাহাম এবং ব্যান্ড বেওগাসহ সব সহযোগী শিল্পী সফর বর্জন করেন। বিতর্কের জেরে সফরের টিকিট বিক্রি আশঙ্কাজনক হারে কমে যায় এবং টিকেটের সর্বনিম্ন দাম নেমে আসে ৩২ ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ৯৪০ টাকা)। অন্যদিকে কিছু ভক্ত তাদের কেনা ৪৫০ ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৫ হাজার ৪০৪ টাকা) টিকিট ফেরত নেয়ার দাবি জানান। স্টেডিয়ামের বাইরে বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিলেও নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর শুরু হওয়া শিরানের এই একক কনসার্ট শেষ পর্যন্ত বড় কোনো বাধা ছাড়াই সম্পন্ন হয়।