কক্সবাজারে আকাশে উড়তে গিয়ে জীবন প্রদীপ নিভে গেল পর্যটকের

কক্সবাজারে আকাশে উড়তে গিয়ে জীবন প্রদীপ নিভে গেল পর্যটকের

ফন্ট সাইজ:

কক্সবাজার সমুদ্রসৈকতে দরিয়ানগর এলাকায় প্যারাসেইলিং করার সময় আকাশ থেকে সাগরে ছিটকে পড়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মৃত পর্যটকের নাম শৌভিক রায়। তিনি খুলনা থেকে বন্ধুদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন। দরিয়া নগরের স্থানীয় বাসিন্দা জয়নাল আবেদীন জানান, খুলনা থেকে আসা ৯ জনের একটি পর্যটক দল কক্সবাজার ভ্রমণে এসে কলাতলীর একটি হোটেলে ওঠেন। শনিবার দুপুরে দরিয়ানগরে ‘প্যালাডিন প্যারাসেইলিং’ নামের এক প্রতিষ্ঠানে প্যারাসেইলিং করতে গিয়ে হঠাৎ আকাশের উপর থেকে সাগরে পড়ে যান শৌভিক নামের এক পর্যটক। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুবক্তগীন মোহাম্মদ সোহেল বলেন, দুপুর ২টা ১০ মিনিটে শৌভিককে হাসপাতালে আনা হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল। জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, দরিয়ানগর এলাকায় প্যারাসেইলিং করার সময় উপর থেকে সমুদ্রে পড়ে ওই পর্যটক গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। দুর্ঘটনার পর হাসপাতাল প্রাঙ্গণে নিহতের স্বজন ও সফরসঙ্গীদের আহাজারিতে শোকের পরিবেশ সৃষ্টি হয়। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় ও সৈকত সূত্র জানায়, সংশ্লিষ্ট প্যারাসেইলিং পয়েন্টটিতে গত দুই বছরে অন্তত ১০ জন পর্যটক দুর্ঘটনার শিকার হয়েছেন। অদক্ষ পরিচালক ও অনভিজ্ঞ কর্মীদের দিয়ে ঝুঁকিপূর্ণভাবে এটি পরিচালনা এবং প্রশাসনের শর্ত না মানার অভিযোগ দীর্ঘদিনের। এর আগে, ২০২৪ সালের জানুয়ারিতে নিরাপত্তা ঝুঁকির কারণে বেশ কয়েকটি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে প্রশাসন এটি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল। কিন্তু কিছুদিন পর রহস্যজনক কারণে এটি আবার চালু করা হয়। সর্বশেষ গত এপ্রিলেও একই স্থানে আরও এক পর্যটক গুরুতর আহত হন।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন