চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ৪ তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে আবির (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিম চাল এলাকার গুলবাহার মার্কেট সংলগ্ন একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবির উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা বার আউলিয়া ইসমাইল মিয়াজী বাড়ির মোহাম্মদ দেলোয়ার হোসেনের ছেলে। জীবিকার প্রয়োজনে পরিবারটি বর্তমানে পশ্চিম চাল এলাকার গুলবাহার মার্কেট সংলগ্ন সৈয়দ নূরের ভাড়া বাসায় বসবাস করছিল। স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় আবিরের মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন।
এ সুযোগে সবার অগোচরে শিশুটি ভবনের ছাদে উঠে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. জমির হোসেন বলেন, শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। সেই সুযোগে আবির ছাদে উঠে যায় এবং অসাবধানতাবশত নিচে পড়ে যায়।
পরে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাবউদ্দিন চৌধুরী জানান, রাত সাড়ে ৯টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছিল। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
