চা শ্রমিকদের মজুরি ৫শ’ টাকা নির্ধারণ, ভূমির অধিকার বাস্তবায়ন এবং দ্রুত চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে গতকাল সকাল ৯টায় লালাখাল ও গঙ্গারজুম চা বাগানে ২ ঘণ্টা কর্মবিরতি ও বিক্ষোভ করেন চা শ্রমিকরা। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- চা শ্রমিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সভাপতি অজিত রায় বাড়াইক, লালাখাল চা বাগানের পঞ্চায়েত সভাপতি অরুণ বুনার্জী, সহ-সভাপতি চা মতি জানি, সদস্য অঞ্জলি বাড়াইক, শ্রমিক ঐক্য বাগান শাখার সভাপতি সুহেল বুনার্জী, সাবেক মেম্বার মলিন বাড়াইক, তরু বাউরি প্রমুখ। বক্তারা বলেন, ‘সংসদে চা শ্রমিকদের মজুরি ৫শ’ টাকার প্রস্তাব উপস্থাপন করে তা আবার বাতিল করে দেয়া বাস্তবে শ্রমিকদের সঙ্গে প্রহসন। সংসদে প্রস্তাবটি বাতিল করা হয় মূলত ত্রিপক্ষীয় বৈঠকে মজুরি নির্ধারণের কথা বলে।
বাস্তবে সংসদও চা শ্রমিকদের ৫শ’ টাকা দৈনিক মজুরির দাবি অস্বীকার করতে পারেনি। দীর্ঘদিন ধরে আমাদের আন্দোলনের চাপেই সম্প্রতি সংসদে ৫শ’ টাকা মজুরির প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। তাই আমরা মনে করি, অবিলম্বে ২০২৩ সালে করা গেজেট বাতিল করে সংসদে উত্থাপিত ৫শ’ টাকা মজুরি নিশ্চিত করতে হবে।
চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন আটকে আছে প্রায় ৮ বছর। ফলে চা বাগান এক ধরনের নেতৃত্ব শূন্যতার মধ্যে আছে। নিজেদের দাবি-দাওয়াও সঠিকভাবে তুলে ধরতে পারছে না। তাই চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ও ভূমির অধিকার বাস্তবায়ন করা জরুরি। এই দাবি অবিলম্বে বাস্তবায়ন না হলে সকল চা শ্রমিকদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন নেতারা।
