মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুত করা বিপুল পরিমাণ ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার জব্দ করেছে কোস্ট গার্ড। চট্টগ্রামের পতেঙ্গাসংলগ্ন কর্ণফুলী নদী ও বহির্নোঙর এলাকায় পৃথক দু’টি অভিযানে ৪৫০ বস্তা ডিএপি সার, একটি কার্গো বোট জব্দ এবং পাচারচক্রের সঙ্গে জড়িত সন্দেহে ২৩ জনকে আটক করা হয়েছে। শনিবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে প্রথমে পতেঙ্গা বহির্নোঙর এলাকায় বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার একটি দল।
এ সময় সন্দেহভাজন দু’টি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে ২৩ জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, অবৈধভাবে মিয়ানমারে পাচারের জন্য সারবোঝাই একটি কার্গো বোট কর্ণফুলী চ্যানেলে অবস্থান করছে- এ তথ্যের ভিত্তিতে পতেঙ্গার ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় দ্বিতীয় দফা অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম। অভিযান চলাকালে কার্গো বোটে থাকা কয়েকজন পাচারকারী পালিয়ে গেলেও তল্লাশি চালিয়ে প্রায় ১৫ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৪৫০ বস্তা (২২ হাজার ৫০০ কেজি) ডিএপি সার এবং পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোট জব্দ করা হয়।
কোস্ট গার্ড জানায়, প্রাথমিক তদন্তে আটক ব্যক্তিদের একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক পাচারচক্রের সদস্য বলে ধারণা করা হচ্ছে। জব্দ করা সার, কার্গো বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের উপকূলীয় এলাকায় চোরাচালান ও অবৈধ পাচার রোধে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
