নরসিংদীর মনোহরদীতে জমিজমা সংক্রান্ত বিরোধ ও রাস্তার গাছ কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মিজান মিয়া (৪৪) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বড়চাপা ইউনিয়নের বড়চাপা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিজান বড়চাপা ইউনিয়নের সফুর উদ্দিনের ছেলে ও ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ছিলেন। নিহতের স্বজনরা জানায়, মিজান ও তার চাচা শহীদুল্লাহর (৬৪) বাড়ির পাশের একটি রাস্তা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার সালিশ হলেও শহীদুল্লাহ তা মেনে নেয়নি।
শনিবার দুপুরে মিজান রাস্তার একটি গাছ কাটতে গেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় শহীদুল্লাহ ও তার ছেলে জীবন মিয়ার লাঠির আঘাতে মিজান মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে। মনোহরদী থানার ওসি জাহাঙ্গীর বাদশা বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
