ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে লুডু খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে হামদু মিয়া (৫০) নামে একজন নিহত হয়েছেন। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি। শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার হরষপুর ইউনিয়নের বাইগদা বন্দেরবাড়ি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত শুক্রবার (৩১শে আগস্ট) বিকালে লুডু খেলা নিয়ে বাইগদা বন্দেরবাড়ি এলাকার বাসিন্দা হামদু মিয়ার ছেলে নীরব (১১)কে থাপ্পড় দেয় প্রতিবেশী আবুল হোসেনের ছেলে ইয়াছিন (১২)। এ সময় দু’পক্ষের মধ্যে হাতাহাতির একপর্যায়ে হামদু মিয়ার লাঠি দিয়ে আঘাত করলে ইয়াছিনের মাথা ফেটে যায়। এর জেরে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে আবুল হোসেনের লোকজন হামদু মিয়ার বাড়িতে হামলা করে। একপর্যায়ে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষ চলাকালে ধারালো অস্ত্রের আঘাতে হামদু নিহত হন। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম. এম. রকীব উর রাজা বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে পরবর্তী সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে আইননানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বিজয়নগর থানার ওসি মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রয়েছে।
