দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে ময়মনসিংহ সদর উপজেলার একটি পাটক্ষেত থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে স্থানীয় কৃষকরা মরদেহটি দেখতে পান। পুলিশের ধারণা, ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ৯৯৯ থেকে ফোন পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, পাশের জমিতে কাজ করার সময় কয়েকজন কৃষক তীব্র দুর্গন্ধ পান। পরে দুর্গন্ধের উৎস অনুসন্ধান করতে গিয়ে পাটক্ষেতের ভেতরে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। নিহত নারীর বয়স আনুমানিক ৩২ বছর। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মরদেহের আঙ্গুুলের ছাপ সংগ্রহ করেছে।
