শ্রদ্ধা ও ভালোবাসায় হারুণার রশিদ খান মুন্নুকে স্মরণ

শ্রদ্ধা ও ভালোবাসায় হারুণার রশিদ খান মুন্নুকে স্মরণ

ফন্ট সাইজ:

শ্রদ্ধা আর ভালোবাসায় পালিত হয়েছে শিল্প বিপ্লবের অগ্রদূত, শিক্ষানুরাগী, বরেণ্য রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী হারুণার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকী। শনিবার সকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা পরিবারের পক্ষ থেকে প্রথমে তার পিতার সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর থেকেই সমাধিস্থলে ঢল নামে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের। ফুলের পাপড়িতে ছেয়ে যায় সমাধিস্থল। আফরোজা খানম রিতাকে সঙ্গে নিয়ে মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতাল, মুন্নু নার্সিং কলেজ, মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, হুরন নাহার উচ্চ বিদ্যালয়, মুন্নু সিরামিক, মুন্নু ফেব্রিক্সসহ মুন্নু গ্রুপের আরও কয়েকটি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা প্রতিষ্ঠাতা মরহুম হারুণার রশিদ খান মুন্নুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত ছিলেন মুন্নু মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুল করিম, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. জুলফিকার আহমেদ আমিন, উপাধ্যক্ষ ডা. বোরহান উদ্দিন আহাম্মেদ, মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অব.) জহিরুল ইসলাম।

এ ছাড়াও মানিকগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক ও বিমান মন্ত্রী আফরোজা খানম রিতাকে সঙ্গে নিয়ে বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, মহিলা দল, তাঁতী দলসহ দলটির হাজারো নেতাকর্মী মুন্নুর সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান। রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, ক্যাবসহ বিভিন্ন সামাজিক সংগঠনগুলোর পক্ষ থেকে মুন্নুর নবম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানিয়েছেন- হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্যপরিষদের নেতৃবৃন্দও। এদিকে সাবেক মন্ত্রী মরহুম হারুণার রশিদ খান মুন্নুর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালে দিনব্যাপী সর্বস্তরের জনগণের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। মুন্নু মেডিকেল কলেজ প্রাঙ্গণে ১০তলা একাডেমিক ভবন নির্মাণের উদ্বোধনও করা হয় মৃত্যুবার্ষিকীর দিনে।

তাছাড়া চিকিৎসাসেবায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের ১৫ জন চিকিৎসককে চিকিৎসা সম্মাননা প্রদান শেষে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ ছাড়া মুন্নু মেডিকেল কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বৃক্ষরোপণ কাজের উদ্বোধন করা হয়। মরহুম হারুণার রশিদ খান মুন্নুর জীবনী নিয়ে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে প্রদর্শন করা হয়েছে প্রামাণ্যচিত্র ‘সাতরাঙা ফুল’। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করা হয়।

আইসিইউ সেবার উদ্বোধন করলেন রিতা: মুন্ন গ্রুপ অব ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা মরহুম হারুণার রশিদ খান মুন্নুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চিকিৎসাসেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে আধুনিক আইসিইউ সেবা চালু হওয়ার ফলে মানিকগঞ্জের জরুরি ও সংকটজনক অবস্থায় রোগীকে ঢাকামুখী হতে হবে না।

জেলার চিকিৎসাসেবায় একটি যুগান্তকারী মাইলফলক হয়ে থাকবে। স্থানীয়রা জানান, মরহুম হারুণার রশিদ খান মুন্নু শিল্প ও রাজনৈতিক অঙ্গনে অবদানের পাশাপাশি জনকল্যাণমূলক ও চিকিৎসাসেবার প্রসারে আজীবন কাজ করে গেছেন। তার নবম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত এই বিশেষ সেবা কার্যক্রম মানিকগঞ্জবাসীর স্বাস্থ্যসেবায় বড় ধরনের ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়। উদ্বোধন শেষে রিতা বাবার জন্য দোয়া চেয়ে বলেন, আমার পিতা সব সময় মানিকগঞ্জের মানুষের জন্য কাজ করে গেছেন। তারই ধারাবাহিকতায় মানিকগঞ্জের মানুষ আমাকে সেই সেবা করার সুযোগ করে দিচ্ছেন। আমি বাবার স্বপ্নগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর। সাবেক মন্ত্রী মরহুম হারুণার রশিদ খান মুন্নুর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি কার্যালয়ে মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মুন্নু সিটিতে স্থাপিত হুরন নাহার রশিদ জামে মসজিদে বাদ আসর অনুষ্ঠিত হয়েছে মিলাদ ও দোয়া মাহফিল। এ ছাড়া বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় কোরআন খতম অনুষ্ঠিত হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন