ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অঙ্কন টুডুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১০টায় ওই শিক্ষার্থীর রাজশাহীর নিজ বাসাতে এ ঘটনা ঘটে। নিহতের বাবা এডভোকেট নরেন্দ্রনাথ কুণ্ডু জানান, অঙ্কন দুইদিন আগে বাড়িতে আসেন। সন্ধ্যার দিকে তিনি নিজের কক্ষে কম্পিউটারে কাজ ও পড়াশোনা করছিলেন। পরে অঙ্কনের বড় ভাই হঠাৎ তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিলে পরিবারের সদস্যরা গিয়ে ঝুলন্ত দেহ নিচে নামাই। পরে পুলিশকে জানালে মরদেহ উদ্ধার করেন। জানা গেছে, গত ২৫শে জুলাই বিভাগের স্নাতকোত্তর সম্পন্ন করে বিশ্ববিদ্যালয় থেকে বিদায় নেন অঙ্কন।
তিনি বিদেশে উচ্চ শিক্ষার জন্য বিভাগীয় সুপারিশও নিয়েছিলেন। এ ছাড়া, বাংলাদেশ বার কাউন্সিলের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং আগামী ২২শে আগস্ট অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার কথা। বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক বিলাসী সাহা বলেন, অঙ্কন একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। উচ্চ শিক্ষায় বিদেশে যাওয়ার জন্য আমার সঙ্গে পরামর্শ নিতে আসছিল। পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি জানান, বার কাউন্সিলের লিখিত পরীক্ষার প্রস্তুতি নিয়েই তিনি ব্যস্ত সময় পার করছিলেন। শুক্রবার দুপুরেও পরিবারের সবার সঙ্গে খাবার খেয়েছিলেন। পরে রাতে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
