বান্দরবানে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে হামে আক্রান্ত রোগীদের মাঝে নগদ অর্থ সহায়তা ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেছেন বান্দরবান জেলা বিএনপি’র সদস্য সচিব ও সাবেক পৌর মেয়র মোহাম্মদ জাবেদ রেজা। শনিবার সকালে বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন ও চিকিৎসা নিতে আসা হামে আক্রান্ত রোগীদের হাতে নগদ অর্থ ও বিশুদ্ধ খাবার পানি তুলে দেন তিনি। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। পরিদর্শনকালে হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে হামে আক্রান্ত রোগীদের চিকিৎসা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন মোহাম্মদ জাবেদ রেজা।
তিনি রোগীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান এবং চিকিৎসকদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। এ সময় মোহাম্মদ জাবেদ রেজা বলেন, ‘হামে আক্রান্ত মানুষের এই দুর্দিনে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তার অংশ হিসেবে রোগীদের এই আর্থিক অনুদান দেয়া হচ্ছে। দুর্গম পাহাড়ি এলাকার সহজ-সরল মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সবাইকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দীন তুষার, লিটল বিশ্বাস, আবিদুল রহমান, চনুমংসহ জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
