সৈয়দপুরে সিলগালা গোডাউন থেকে ২ কোটি টাকার কীটনাশক উধাও

ফন্ট সাইজ:

নীলফামারীর সৈয়দপুরে বিসিক শিল্প নগরীর একটি সিলগালা গোডাউনে জব্দকৃত প্রায় দুই কোটি টাকার নিষিদ্ধ কীটনাশক উধাও হয়ে গেছে। এ ঘটনা প্রকাশ্যে আসার পর জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত বুধবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসব জব্দকৃত নিষিদ্ধ কীটনাশক ধ্বংস করার অভিযানে আসেন।

অভিযানে নেতৃত্ব দেন জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। এ সময় সৈয়দপুর থানা ভারপ্রাপ্ত ওসি রেজাউল করিম রেজা, থানা পুলিশের উপ-পরিদর্শক মনিরুজ্জামান মনিরসহ পুলিশের সদস্যরা সহায়তায় ছিলেন। জানা যায়, ২০২৪ সালের ২৫শে জুন বিসিক শিল্প নগরীর একটি গোডাউন থেকে নিষিদ্ধ কীটনাশক বিফার ৫জি অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল।

এ সময় গোপন সংবাদে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে অভিযান পরিচালনা করেন। এতে সেই গোডাউনে থাকা নিষিদ্ধ ৯৯ টন কীটনাশক জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা। পরে গোডাউনটি সিলগালা করে উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান ভূষণ থানায় নিয়মিত মামলা দায়ের করেন। জানা যায়, দীর্ঘদিন মামলা চলার পর গত বুধবার আদালতের নির্দেশে গোডাউনে জব্দ করে রাখা নিষিদ্ধ কীটনাশক ধ্বংস করতে আসেন ম্যাজিস্ট্রেট। এ সময় সিলগালা ভেঙে গোডাউনে প্রবেশ করে ভেতরে জব্দকৃত কীটনাশকের সব কার্টন ফাঁকা দেখতে পান। সেখানে মাত্র ১২৩ প্যাকেট কীটনাশকের প্যাকেট পাওয়া যায়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসব ধ্বংস না করে বিসিক শিল্প নগরীর কর্মকর্তা মশিয়ার রহমানের জিম্মায় রেখে চলে যান। এ বিষয়ে সৈয়দপুর থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামান মুন বলেন, সিলগালা ভেঙে গোডাউনের ভেতরে যে পরিমাণ মালামাল থাকার কথা ছিল- তা পাওয়া যায়নি। পরে ম্যাজিস্ট্রেট সেখানে ধ্বংস না করেই চলে গেছেন। উপজেলা কৃষি কর্মকর্তা ও মামলার বাদী ধীমান ভূষণ বলেন, এ বিষয়ে আমাকে এখন পর্যন্ত অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে মামলাটির বাদী আমিই। সৈয়দপুর বিসিক শিল্প নগরীর কর্মকর্তা মশিয়ার রহমান বলেন, ম্যাজিস্ট্রেট এসব ধ্বংস করতে এসেছিলেন। তবে সিলগালা ভেঙে ভেতরে সব পাওয়া যায়নি। সেখানে মাত্র কীটনাশকের ১২৩টি প্যাকেট পাওয়া গেছে। পরে ম্যাজিস্ট্রেট ধ্বংস অভিযান পরিচালনা না করেই চলে যান। বাকি মালামাল কোথায় গেছে- এ বিষয়ে আদালত তদন্ত করে ব্যবস্থা নেবেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন