বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতি নির্ভর করে দক্ষতার উপর: ডুয়েট উপাচার্য

ফন্ট সাইজ:

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এর উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল বলেছেন, কোনো জাতির বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতির অধিকাংশই নির্ভর করে সেই জাতির গণিতে দক্ষতার উপর। শনিবার ডুয়েটের গণিত বিভাগ ও ম্যাথ ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত দেশের অন্যতম বৃহৎ গণিত উৎসব ন্যাশনাল ম্যাথমেটিক্স কার্নিভাল ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই কার্নিভাল কেবল একটি প্রতিযোগিতা নয়, এটি আমাদের তরুণ প্রজন্মের যুক্তিবাদী ও বিশ্লেষণী মনন গঠনের অন্যতম প্ল্যাটফরম। গণিত একাডেমিক বিষয়ের পাশাপাশি আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিরও মূল চালিকাশক্তি। কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং আজ যে বিস্ময়কর অগ্রগতি দেখাচ্ছে তার ভিত্তি হিসেবে কাজ করছে পরিসংখ্যান, ক্যালকুলাস ও লিনিয়ার অ্যালজেব্রা।

তথ্য নিরাপত্তা ও সাইবার সিকিউরিটির মূলে রয়েছে সংখ্যাতত্ত্ব ও ক্রিপ্টোগ্রাফি। মহাকাশ গবেষণা থেকে শুরু করে জলবায়ু পরিবর্তনের পূর্বাভাস, চিকিৎসাবিজ্ঞানে জিনোম সিকোয়েন্সিং কিংবা প্রকৌশলের জটিলতম নকশা- সবকিছুর মূলে গাণিতিক মডেলিং কাজ করছে। মানব সভ্যতার অগ্রযাত্রায় গণিতের গুরুত্বপূর্ণ ভূমিকা অনস্বীকার্য। সকালে ডুয়েটের শহীদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কার্নিভাল শুরু হয়। ডুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার কার্নিভালের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এতে গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আবু নঈম শেখের সভাপতিত্বে বিশেষ অতিথি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেটের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. প্রকৌশলী সালমা আখতার, ডুয়েট ছাত্রকল্যাণ দপ্তরের সহযোগী পরিচালক অধ্যাপক ড. মো. সাহাব উদ্দিন, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির পরিচালক (অর্থ) ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শফিকুল হক।

অনুষ্ঠানে কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ এবং প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক। ম্যাথ ক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন ক্লাব সভাপতি আবদুল ওয়াদুদ রতন এবং সাধারণ সম্পাদক মো. রাফিউজ্জামান। এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, পরিচালকবৃন্দ এবং গণিত বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। কার্নিভালে সারা দেশের প্রায় দেড়শ’ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে আগত হাজারেরও অধিক শিক্ষার্থী গণিত অলিম্পিয়াড, পোস্টার প্রেজেন্টেশন, প্রবন্ধ রচনা প্রতিযোগিতা ও ম্যাথ গেমসের মতো নানা আয়োজনে অংশ নেয়। বিকালে সার্টিফিকেট, ক্রেস্ট ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে কার্নিভালের সমাপ্তি ঘটে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন