নাটোরে শিশু পার্ক ও গ্রন্থাগারের দাবিতে মানববন্ধন

ফন্ট সাইজ:

নাটোরে সরকারি খাসজমিতে শিশু পার্ক ও গ্রন্থাগার স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১০টার পর নাটোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পুরাতন জিন্নাহ্‌ স্কুল মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারী সাধারণ মানুষ খাসজমিতে অবৈধ লিজ বাতিল ও শিশু পার্ক স্থাপনের দাবিতে লেখা প্ল্যাকার্ড বহন করে।

মানববন্ধনে জেলা বিএনপি’র সদস্য শাহজাহান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা বিএনপি’র সিনিয়র নেতা ৬ নম্বর ওয়ার্ডবাসী শহীদুল ইসলাম বাচ্চু, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, বিসিবি’র কাউন্সিলর ফরহাদ আলী দেওয়ান শাহীন, যুবদল নেতা শামীম আহম্মেদ, লিয়ন রহমান, হাফেজ সানাউল্লাহ প্রমুখ। বক্তারা বলেন, পুরাতন জিন্নাহ্‌ স্কুল মোড় সংলগ্ন নারদ নদের পাড়ে অবস্থিত খাস জমিতে স্থানীয় শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে একটি শিশু পার্ক ও গ্রন্থাগার স্থাপন করা হলে এই এলাকার শিশুরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণ করতে সক্ষম হবে।

বক্তারা আরও বলেন, এই খাসজমিটি বিগত ফ্যাসিস্ট সরকার একজন সাংবাদিককে অবৈধভাবে লিজ প্রদান করে। একজন ব্যক্তির নামে লিজ বাতিল করে এলাকার সাধারণ মানুষের স্বার্থের কথা বিবেচনা করে অবিলম্বে উক্ত স্থানে একটি শিশুবান্ধব পার্ক ও গ্রন্থাগার স্থাপন করার দাবি জানান স্থানীয়রা। মানববন্ধনে এলাকার নারী-পুরুষ, শিক্ষার্থী-যুব সমাজ, শিক্ষক-সাংবাদিক, রাজনীতিবিদসহ নানা পেশার মানুষ অংশগ্রহণ করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন