৮ম শিক্ষক নিবন্ধনের আওতায় প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা দ্রুত ভাইভা পরীক্ষা গ্রহণ ও নিয়োগপ্রক্রিয়া সম্পন্নের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন। শনিবার অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশ নেয়া প্রার্থীরা বলেন, গত ১৮ই এপ্রিল লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হলেও প্রায় সাড়ে তিন মাস পেরিয়ে গেলেও ভাইভা পরীক্ষার কোনো সময়সূচি ঘোষণা করা হয়নি। এতে হাজারো উত্তীর্ণ প্রার্থী অনিশ্চয়তার মধ্যে রয়েছেন এবং তাদের পেশাগত ভবিষ্যৎ ঝুলে আছে।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, বর্তমানে দেশের ১২ হাজার ৯৫১টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানের পদ শূন্য রয়েছে। এসব পদে দ্রুত নিয়োগ দেয়া হলে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
উল্লেখ্য, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা গত ২৮শে জুলাই প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন। সেখানে দ্রুত ভাইভা পরীক্ষার সময়সূচি ঘোষণা এবং নিয়োগপ্রক্রিয়া সম্পন্নের দাবি জানানো হয়েছে। প্রার্থীদের দাবি, দীর্ঘসূত্রতার কারণে তারা আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। একই সঙ্গে শূন্য পদে নিয়োগ না হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও দক্ষ নেতৃত্ব থেকে বঞ্চিত হচ্ছে। তাই শিক্ষাব্যবস্থার স্বার্থে দ্রুত ভাইভা গ্রহণ করে নিয়োগ কার্যক্রম শেষ করার আহ্বান জানান তারা।
মানববন্ধনে বিভিন্ন জেলার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা অংশ নেন। দাবি বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আরও কর্মসূচি ঘোষণা করা হবে বলেও কর্মসূচি থেকে জানানো হয়।
