স্বাধীনতার অর্থ ‘যা খুশি তাই করা’ নয়

তরুণদের উদ্দেশে অজিত দোভালের বার্তা

স্বাধীনতার অর্থ ‘যা খুশি তাই করা’ নয়

ফন্ট সাইজ:

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল বলেছেন, স্বাধীনতার অর্থ শুধু নিজের ইচ্ছামতো যা খুশি তাই করার অধিকার নয়। তিনি দেশটির তরুণদের লোকমান্য বাল গঙ্গাধর তিলকের আদর্শ, ভারত সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গি এবং জাতি গঠনে তাঁর অবদান নিয়ে গভীরভাবে ভাবার আহ্বান জানিয়েছেন।
শনিবার (১ আগস্ট) পুনেতে লোকমান্য তিলক ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অজিত দোভাল বর্তমান প্রজন্মের স্বাধীনতার অভিজ্ঞতার সঙ্গে তিলকের সময়কার কঠিন বাস্তবতার তুলনা করেছেন।

তিনি বলেন, লোকমান্য তিলকের জীবন ও তাঁর চরিত্রের গভীরতা বুঝতে হলে সেই সময়ের বাস্তবতা, সীমাবদ্ধতা এবং দুর্বিষহ পরিস্থিতি বুঝতে হবে। আজকের প্রজন্মের জন্য, বিশেষ করে তরুণদের কাছে, সেই সময়ের কষ্ট-কঠিনতা কল্পনা করাও কঠিন।
দোভাল বলেন, ভারতের প্রতিটি নাগরিক, বিশেষ করে তরুণদের উচিত তিলকের বক্তব্য, ভারতের জন্য তাঁর স্বপ্ন এবং জাতি গঠনের চেতনাকে উপলব্ধি করা।

‘স্বাধীনতার প্রকৃত অর্থ ভুল বোঝা উচিত নয়’
অজিত দোভালের মতে, বর্তমান প্রজন্ম অনেক সময় স্বাধীনতার প্রকৃত অর্থ ভুলভাবে ব্যাখ্যা করে। তিনি বলেন, আজকের তরুণরা হয়তো মনে করতে পারে ভারত সব সময়ই এমন ছিল, অথবা তারা স্বাধীনতাকে নিজের ইচ্ছামতো যা খুশি তাই করার অধিকার বলে মনে করতে পারে। কিন্তু স্বাধীনতার প্রকৃত অর্থ তা নয়।
দোভালের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে তরুণদের নেতৃত্বে নজিরবিহীন বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

এনইইটি (নিট) প্রশ্নপত্র ফাঁসসহ জাতীয় পর্যায়ের বিভিন্ন পরীক্ষায় অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার প্রতিবাদে সম্প্রতি নয়াদিল্লির যন্তর মন্তরে হাজারো শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেন।
এই আন্দোলনের জেরে কেন্দ্রীয় সরকারের ওপর ব্যাপক রাজনৈতিক চাপ তৈরি হয়েছীল এবং শেষ পর্যন্ত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন।
সেই বিক্ষোভ চলাকালে দেশটির হাজারো শিক্ষার্থী ভারতের সংসদ অভিমুখে মিছিল করেছেন। এ সময় পুলিশের লাঠিচার্জের ঘটনাও ঘটে। আন্দোলনকারীরা প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বের জবাবদিহি দাবি করে স্লোগান দেন।

লোকমান্য তিলকের অবদানের কথা তুলে ধরে দোভাল বলেন, তিলকের জীবন ছিল ভয়, কষ্ট ও সংগ্রামে পূর্ণ। তবুও তিনি ভারতের জাতীয় চেতনাকে গড়ে তোলার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন।
দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এদিন তরুণদের উদ্দেশে বলেন, আজকের যুবসমাজের উচিত নিজেকে সম্পূর্ণভাবে দেশের জন্য উৎসর্গ করা। ব্যক্তিগত বা সংকীর্ণ স্বার্থের ঊর্ধ্বে উঠে সব সময় জাতীয় স্বার্থে কাজ করার সংকল্প নিতে হবে। এমন স্বার্থ থাকলেও আপাতত তা উপেক্ষা করতে হবে। এখন সবচেয়ে বড় অগ্রাধিকার হলো দেশ গঠন।
তিনি আরও বলেন, ভারতের ইতিহাসে একটি বিরল সুযোগের দ্বার উন্মুক্ত হয়েছে। এই সুযোগ হাতছাড়া করার সুযোগ নেই। আমি বিশ্বাস করি, আমরা এই লক্ষ্য পূরণ করতে পারব এবং ইতিহাসে নতুন অধ্যায় রচনা করব।

এদিন পুনেতে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের হাতে ‘লোকমান্য তিলক ন্যাশনাল অ্যাওয়ার্ড ২০২৬’ তুলে দেন।
পুরস্কার প্রদানকালে অমিত শাহ বলেন, লোকমান্য বাল গঙ্গাধর তিলকের নির্ভীক জাতীয়তাবাদী আদর্শের সঙ্গে অজিত দোভালের নেতৃত্বে গড়ে ওঠা আধুনিক ভারতের নিরাপত্তা কাঠামোর একটি মিল রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন