বিশ্ব মুসলিমের মধ্যে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকার শীর্ষে স্থান পেয়েছেন সৌদি আরবের বাদশা সালমান, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, দেশটির প্রতিরক্ষা বাহিনীর প্রধান (সিডিএফ) ও সেনাপ্রধান (সিওএএস) ফিল্ড মার্শাল আসিম মুনির। জর্ডানভিত্তিক রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের ২০২৭ সালের তালিকায় এ তথ্য প্রকাশ করা হয়েছে। ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’ শীর্ষক বার্ষিক প্রকাশনায় বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিমদের এ তালিকা প্রকাশ করা হয়েছে।
এ খবর দিয়ে অনলাইন জিও নিউজ বলছে, জর্ডানের রাজধানী আম্মানে অবস্থিত রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার এ তালিকা তৈরি করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এবারই প্রথম একাধিক ব্যক্তি যৌথভাবে তালিকার শীর্ষস্থান অর্জন করেছেন। পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির কারণে এই যৌথ অবস্থান তৈরি হয়েছে বলে উল্লেখ করেছে প্রকাশনাটি। এতে বলা হয়েছে, এই যৌথ শীর্ষ অবস্থানে পাঁচজন ব্যক্তি রয়েছেন। প্রকৃতপক্ষে এটি তিনটি যৌথ অবস্থানে বিভক্ত, যা মুসলিম দেশগুলো নিজেদের সুরক্ষায় কীভাবে একসঙ্গে কাজ করছে, তার ব্যাপক পরিবর্তনকে তুলে ধরেছে। এই ঐতিহাসিক সিদ্ধান্তের প্রধান কারণ মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি।
এতে আরও বলা হয়েছে, ২০২৬ সালের ৭ই আগস্ট স্বাক্ষরিত এবং রিয়াদে জরুরি সম্মেলনের সময় কার্যকর হওয়া এই পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সৌদি আরবের বিপুল সম্পদ, তুরস্কের উন্নত প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতা এবং পাকিস্তানের শক্তিশালী সামরিক শক্তিকে একটি সম্মিলিত জোটে একত্র করেছে। প্রকাশনাটিতে আরও বলা হয়েছে, ‘একজনের জন্য সবাই, সবার জন্য একজন’। এই নিরাপত্তা নীতির আদলে গঠিত চুক্তিটি আঞ্চলিক রাজনীতিকে পুরোপুরি নতুন রূপ দিয়েছে।
এদিকে তালিকায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি চতুর্থ স্থানে রয়েছেন। পঞ্চম স্থানে রয়েছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ষষ্ঠ এবং পাকিস্তানের ধর্মীয় পণ্ডিত শেখ মুহাম্মদ তাকি উসমানি সপ্তম স্থানে রয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান রয়েছেন ১২তম স্থানে। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি ২২তম অবস্থানে রয়েছেন। পাকিস্তানের ধর্মীয় নেতা মাওলানা তারিক জামিলের অবস্থান ৩২তম।
ফুটবল তারকা মোহাম্মদ সালাহ রয়েছেন ৩৯তম স্থানে। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ৪৫তম এবং নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি ৪৯তম স্থানে রয়েছেন। প্রতিবেদনে গত এক বছরে পাকিস্তানের অর্থনৈতিক ও কূটনৈতিক চ্যালেঞ্জগুলোর কথাও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের প্রচেষ্টা, আঞ্চলিক নিরাপত্তার চাপ এবং প্রধান শক্তিধর দেশগুলোর মধ্যে কূটনৈতিক ভারসাম্য রক্ষার মতো নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেছে পাকিস্তান।
