আবারো সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

আবারো সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

ফন্ট সাইজ:

দক্ষিণ এশিয়ার ফুটবলের শীর্ষ সংস্থা সাফে নিজের আসন অক্ষুণ্ন রাখলেন কাজী সালাউদ্দিন। শনিবার ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত সাফ কংগ্রেসে প্রতিদ্বন্দ্বিতাহীনভাবে টানা পঞ্চম মেয়াদের জন্য সংস্থাটির সভাপতি নির্বাচিত হন তিনি। কংগ্রেসে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে একমাত্র মনোনয়নপত্র জমা পড়ে সালাউদ্দিনের নামে। সাফের গঠনতন্ত্রের ২৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, কোনো পদে প্রার্থী সংখ্যা শূন্যপদের সমান বা কম হলে কংগ্রেসের অনুমোদনক্রমেই তাকে নির্বাচিত ঘোষণা করার নিয়ম রয়েছে। সেই বিধান মেনেই আনুষ্ঠানিকভাবে নতুন মেয়াদ নিশ্চিত হয় ৭১ বছর বয়সী এই সাবেক ফুটবলারের।

২০০৯ সাল থেকে সাফের সভাপতির দায়িত্বে আছেন সালাউদ্দিন। এর আগের বছর, ২০০৮ সালে বাফুফের সভাপতি নির্বাচিত হয়েছিলেন তিনি। গত বছর শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত সাফের বিশেষ সাধারণ সভায় গঠনতন্ত্র সংশোধন করে সভাপতি পদের বয়সসীমা সংক্রান্ত ৭০ বছরের বাধ্যবাধকতা প্রত্যাহার করা হয়। সেই সংশোধনীর সুবাদেই নতুন মেয়াদে প্রার্থী হওয়ার পথ খুলে যায় সালাউদ্দিনের জন্য।

সাফের সভাপতি পদে লড়তে সদস্য দেশের সমর্থন প্রয়োজন হয়। রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় এবার নিজ দেশ বাংলাদেশ থেকে সরাসরি সমর্থন নেননি সালাউদ্দিন। পরিবর্তে নেপাল ও ভুটানের সমর্থনে তিনি এই পদে প্রার্থী হন। মনোনয়ন জমা ও প্রত্যাহারের সময়সীমা মাসখানেক আগেই শেষ হওয়ায় তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া নিশ্চিত হয়ে গিয়েছিল। নির্বাহী কমিটিতে প্রথমবারের মতো জায়গা পাচ্ছেন বাফুফের সহসভাপতি সাব্বির আহমেদ আরেফ। যিনি বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন শ্রীলঙ্কার জাসওয়ার উমারু লাবে। আর সদস্য পদে থাকছেন মালদ্বীপের হুসাইন শাফিউ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন