ইরান যুদ্ধের বিরুদ্ধে দুই মার্কিন আইনপ্রণেতার আহ্বান

ইরান যুদ্ধের বিরুদ্ধে দুই মার্কিন আইনপ্রণেতার আহ্বান

ফন্ট সাইজ:

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ইরানে চলমান সামরিক অভিযানের তীব্র সমালোচনা করে এর অর্থায়ন বন্ধের লক্ষ্যে একটি বিল উত্থাপন করেছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট কংগ্রেসম্যান জন লারসন। অন্যদিকে ইরান যুদ্ধ থেকে সরে আসার জন্য আহ্বান জানিয়েছেন ট্রাম্পের দল রিপাবলিকানের কংগ্রেসম্যান থমাস ম্যাসি। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এক্সে দেয়া এক পোস্টে লারসন লিখেছেন, ইরানে আমাদের আরও সেনা নিহত হচ্ছে। আর জ্বালানির দাম আকাশছোঁয়া হয়ে উঠছে। কংগ্রেস আর হাত গুটিয়ে বসে থাকতে পারে না। তিনি আরও লিখেছেন, আমরা এই ব্যয়বহুল সংঘাত বন্ধে দুইবার ভোট দিয়েছি। এখন আইন কার্যকর করার সময় এসেছে। আমার প্রস্তাবিত বিল ট্রাম্পের অবৈধ ইরান যুদ্ধের সব ধরনের অর্থায়ন এখনই বন্ধ করবে।
প্রেসিডেন্ট ট্রাম্পের পররাষ্ট্রনীতির নিয়মিত সমালোচক রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি মার্কিন প্রশাসনকে ইরান যুদ্ধ থেকে দ্রুত সরে আসার আহ্বান জানিয়েছেন। তার মতে, দেরি করলে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামরিক অবস্থান আরও দুর্বল হয়ে পড়তে পারে। এক্সে দেয়া এক পোস্টে ম্যাসি লিখেছেন, ইরান অন্তত আরও তিনটি বিষয়ের জন্য অপেক্ষা করছে- যুক্তরাষ্ট্রের কৌশলগত তেলের মজুত শেষ হয়ে যায় কি না, অঞ্চলে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে কি না, কিংবা রিপাবলিকানরা কংগ্রেসে তাদের সংখ্যাগরিষ্ঠতা হারায় কি না। তিনি আরও লিখেছেন, এর যেকোনো একটি ঘটার আগেই আমাদের এই সংঘাতের টেবিল ছেড়ে উঠে আসা উচিত।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন