ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণের পর দ্বীপটির আকাশে ধোঁয়ার কুণ্ডলীও দেখা গেছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। তবে এসব বিস্ফোরণের উৎস কিংবা এর পেছনে কারা রয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজের বরাতে জানা গেছে, দ্বীপটির কেশম শহরের উত্তর-পশ্চিম দিক থেকে একাধিক বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। একই সময়ে দ্বীপটির আকাশে ধোঁয়া উঠতে দেখা গেছে। এতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
পারস্য উপসাগর ও ওমান উপসাগরের সংযোগস্থলে হরমুজ প্রণালিতে অবস্থিত কেশম দ্বীপ। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালির খুব কাছেই এর অবস্থান। আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য এই প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়ে পরিবহন করা হয়।
এমন স্পর্শকাতর এলাকায় বিস্ফোরণের খবর নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তবে বিস্ফোরণের কারণ, কোনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে কি না কিংবা হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে ফার্স নিউজের প্রতিবেদনে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে এটি কোনো দুর্ঘটনা, সামরিক তৎপরতা নাকি অন্য কোনো ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
