দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খান মুরাদ নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার সেনহাটি বক্সিবাড়ি কবরস্থানের সামনে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে হত্যা করে। নিহত মুরাদ হাজী গ্রামের বাসিন্দা খান মুনসুর আহমেদের ছেলে। স্থানীয়ভাবে জানা যায়, শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে সাজ্জাদ ও আলামিনসহ আরও ১০ থেকে ১৫ জন মুরাদের ওপর হামলা চালায়। আত্মরক্ষার জন্য একটি দোকানে আশ্রয় নিলে দুর্বৃত্তরা ওই দোকানের তালা ভেঙে দোকানের ভেতর ঢুকে ছুরি দিয়ে দুই হাঁটুর নিচের রগ কেটে দেয়। স্থানীয়রা মুরাদকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা ছিল।
খুলনায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
স্টাফ রিপোর্টার, খুলনা থেকে
২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
