পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের জেরে ১০ জন নাবিকসহ মোট ১৬ জন ভারতীয় নাগরিক নিহত এবং আরও ৭৫ জন আহত হয়েছেন। পাশাপাশি এই সময়ে কাতারের একটি গ্যাস স্থাপনায় দুর্ঘটনায় আরও ১২ জন ভারতীয় প্রাণ হারিয়েছেন।
সিপিআই (এম) সাংসদ জন ব্রিটাসের এক প্রশ্নের লিখিত জবাবে বৃহস্পতিবার রাজ্যসভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং জানিয়েছেন যে, মৃত ভারতীয় নাগরিকদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য ভারত সরকার সংশ্লিষ্ট দেশের সরকারের সঙ্গে সমন্বয় করে তাদের পরিবারকে সহায়তা প্রদান করেছে। আহত ভারতীয়দের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাদের চিকিৎসার বিষয়ে ভারতীয় দূতাবাস ও কনস্যুলেটগুলো স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করেছে।
হতাহতের বিস্তারিত তথ্য তুলে ধরে সিং বলেন, সৌদি আরবে একজন, কুয়েতে দুজন, ওমানে আটজন, ইরাকে একজন এবং সংযুক্ত আরব আমিরাতে চারজন—মোট ১৬ জন নিহত হয়েছেন। এছাড়া ৭৫ জন ভারতীয় আহত হয়েছেন (সংযুক্ত আরব আমিরাতে ৩২ জন, ওমানে ২৪ জন, কাতারে ৪ জন, কুয়েতে ১৩ জন, সৌদি আরবে একজন এবং ইসরায়েলে একজন)।
তিনি আরও জানান, সংঘাত বা হামলার সঙ্গে সম্পর্কহীন একটি পৃথক ঘটনায় কাতারের রাস লাফান গ্যাস স্থাপনায় ১২ জন ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন। গত জুন মাসে ওই জ্বালানি কেন্দ্রে ঘটা একটি বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনার কথা তিনি উল্লেখ করেন।
