স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গত ৫ মাসে কিছুই বদলায়নি, আগের মতোই ঘুষ খাচ্ছে। পরিবর্তন বলতে কেবল প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি চেষ্টা করছেন পরিবর্তনের।’ বৃহস্পতিবার রাজধানীর ডিএফপি অডিটোরিয়ামে জুলাই শহীদ দিবস উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আমার এই ৪-৫ মাসের মন্ত্রিত্বের অভিজ্ঞতা আপনাদেরকে একটু বলা দরকার আমার। আমি দেখেছি, কিছু বদলায়নি। একইভাবে যারা ঘুষ খেতো, ঘুষ খাওয়ার প্রবৃদ্ধি বৃদ্ধি করছে। একইভাবে ভালো কাজ আটকে দিচ্ছে। একইভাবে ভোল পাল্টে, এখন ওরাই বেশি জুলাইযোদ্ধা হয়ে গেছে!’ সত্যিকার অর্থেই পরিবর্তন দেখতে চেয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, ‘এখন পর্যন্ত সেটা আমি দেখছি আমাদের মধ্যে...।
তবে আশাবাদী এজন্য যে, আমি পরিবর্তন দেখছি একজন মানুষেরে মধ্যে-সেটা তারেক রহমান সাহেব। তিনি চেষ্টা করছেন। তিনি নতুন নতুন নজির স্থাপন করছেন।’ ৫ আগস্টের আন্দোলনের প্রেক্ষাপট এবং আন্দোলনে অংশগ্রহণকারীদের ত্যাগের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘অনেক মূল্য দিতে হয়েছে। এখন যদি আমরা মূল্যটা ধারণ করতে না পারি। সামনে যদি আমরা পরিবর্তনের চেষ্টা করতে না পারি। তাহলে মায়ের এই অশ্রুধারা, এমনই এমনই হারিয়ে যাবে।’
