স্পেনের কাছে বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ের তিক্ত হারের ঠিক ১০ দিন পর ক্লাব ফুটবলে মনোযোগ দিয়েছেন লিওনেল মেসি। ফ্লোরিডার ফোর্ট লডারডেলে ইন্টার মায়ামির অনুশীলন গ্রাউন্ডে যোগ দিয়েছেন ৩৯ বছর বয়সী এই ফুটবল জাদুকর। জানা গেছে, অনুশীলনে শতভাগ ফিটনেস নিয়ে পুরো সেশনেই সক্রিয় ছিলেন তিনি।
এবারের বিশ্বকাপে ৮টি গোল ও ৪টি অ্যাসিস্টের অবিশ্বাস্য পারফরম্যান্সে আর্জেন্টিনাকে ফাইনালে তোলেন মেসি। তবে শেষ রক্ষা না হয়ে ট্রফি হাতছাড়া হওয়ার বেদনায় ভেঙে পড়েন আর্জেন্টাইন অধিনায়ক। ফাইনাল হারের ধাক্কা সামলাতে নিজ শহর রোজারিওতে অসুস্থ বাবা হোর্হে মেসির পাশে কিছুদিন সময় কাটান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে সেই আবেগের কথা তুলে ধরে মেসি লিখেছিলেন, ‘এই কষ্টের পরিধি বিশাল। এবং হৃদয়ের এই ক্ষত শুকাতে সময় লাগবে। তবে সব বাধা পেরিয়ে ঘুরে দাঁড়ানোর যে লড়াই আমরা করেছি এবং দেশের মানুষের যে সমর্থন আমরা পেয়েছি, তা আজীবন মনে থাকবে।’
বিশ্বকাপের ধকলের কারণে ইন্টার মায়ামির হয়ে শেষ দুই ম্যাচে মাঠে নামেননি মেসি ও তার আর্জেন্টিনা সতীর্থ রদ্রিগো ডি পল। আগামী শনিবার কলম্বাস ক্রু-এর বিপক্ষে মেজর লীগ সকারের (এমএলএস) ম্যাচ এবং ৫ই আগস্ট লীগস কাপে অ্যাটলেটিকো ডি সান লুইসের মুখোমুখি হবে মায়ামি। তবে মায়ামির নতুন কোচ গুইলারমো হোয়োস সাফ জানিয়ে দিয়েছেন, মেসি বা ডি পলকে নিয়ে কোনো তাড়াহুড়ো করা হবে না। কোচ হোয়োস বলেন, ‘বিশ্রাম একজন অ্যাথলেটের জন্য অত্যন্ত জরুরি। টানা ৫০ দিনের তীব্র মানসিক চাপ ও বিশ্বকাপের মহোৎসব পার করে আসার পর তাদের মানসিকভাবে পুনরুজ্জীবিত হওয়া প্রয়োজন। তারা যখন শতভাগ স্বাচ্ছন্দ্য বোধ করবে, কেবল তখনই মাঠে ফিরবে।’
মেসির পাশাপাশি মায়ামির অনুশীলনে চোট কাটিয়ে ফিরেছেন মেক্সিকান ফরোয়ার্ড জার্মাইন বারতেরামেও। অধিনায়কের অনুশীলনে ফেরায় মায়ামি শিবিরে আপাতত স্বস্তির হাওয়া বইছে। সমর্থকদের অপেক্ষা- কবে মাঠে আবারও বল পায়ে জাদু দেখাবেন লিও!
