রাশান টার্গেটের পিছু নিয়ে ইউক্রেনের এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

রাশান টার্গেটের পিছু নিয়ে ইউক্রেনের এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

ফন্ট সাইজ:

রাশিয়ার আক্রমণ প্রতিহত করার সময় ইউক্রেনের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি রাশিয়ার টার্গেটের পিছু নিলে এ ঘটনা ঘটে। ফ্রন্টলাইনে মিশন পালনকালে বিমানে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দিলে পাইলট বিমানটি ফেলে নিরাপদে বের হয়ে আসেন। বুধবার ইউক্রেনের বিমান বাহিনী এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান।

বিমানটি রাশিয়ার করা আকাশপথের হামলা ও টার্গেট চিহ্নিত করে তা ধ্বংসের মিশনে নিয়োজিত ছিল। ইউক্রেনীয় সামরিক বাহিনী জানায়, মিশন চলাকালে হঠাৎ করেই বিমানটিতে জরুরি যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে বাধ্য হয়ে পাইলট ইজেক্ট করে নিচে নেমে আসেন। পরবর্তীতে উদ্ধারকারী দল তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। বর্তমানে তার শারীরিক অবস্থা শঙ্কামুক্ত রয়েছে। দুর্ঘটনাস্থলে ইউক্রেনের বিশেষজ্ঞ টিম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পৌঁছেছেন।

ঠিক কী কারণে কারিগরি গোলযোগ সৃষ্টি হয়েছিল, তা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছেন তারা। এই বিমান দুর্ঘটনায় কোনো সাধারণ নাগরিক হতাহত হননি এবং স্থাবর সম্পদেরও কোনো ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। নেদারল্যান্ডস ও ডেনমার্কসহ ন্যাটোভুক্ত পশ্চিমা মিত্র দেশগুলো থেকে এই এফ-১৬ যুদ্ধবিমানগুলো পেয়েছিল ইউক্রেন। রুশ মিসাইল ও ড্রোন হামলা প্রতিরোধে এসব যুদ্ধবিমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যুদ্ধের তীব্রতার মধ্যে বিমানটি হারিয়ে যাওয়া ইউক্রেনের জন্য নতুন করে চিন্তার কারণ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন