তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র দিয়ে সচিবালয়ে নিজের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী নিজের কার্যালয়ে প্রবেশের সময় তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন বলে জানিয়েছেন উপ প্রেস সচিব হাসান শিপলু।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দিনের প্রথম কর্মসূচি ছিলো প্রতিবন্ধীকে নিয়োগপত্র প্রদান। তারা হলেন, গাইবান্ধার সাঘাটা উপজেলার আয়শা আক্তার, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদর উপজেলার মো. হাসমত আলী।
কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরশীল করা এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যেই তাদের নিয়োগ দেয়া হয়।
উপ প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি নিয়োগপত্র পেয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাদের জন্য দিনটি ছিল নতুন কর্মজীবনের পাশাপাশি নতুন স্বপ্নেরও সূচনা।
আয়শা আক্তার ও নীলা খাতুন দুজনই শারীরিক প্রতিবন্ধী। জন্ম থেকেই তাদের হাত না থাকায় পা দিয়ে লিখে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।
নীলা খাতুনকে মিরপুরের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে শিক্ষক পদে এবং আয়শা আক্তারকে গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে নিয়োগ দেয়া হয়েছে।
দৃষ্টি প্রতিবন্ধী মো. হাসমত আলীকে নিয়োগ দেয়া হয়েছে সমাজসেবা অধিদপ্তরের অধীন ইউনিয়ন সমাজকর্মী পদে।
প্রতিবন্ধী তিন ব্যক্তিকে চাকরি দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা আবদুস সাত্তার দুলাল। নিয়োগপত্র প্রদানের পরপরই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তাকে ধন্যবাদ দেন বলে জানান তিনি।
এ সময় সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল, সমাজকল্যাণ সচিব মোহাম্মদ আবু ইউছুফ, বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. তরিকুল আলম এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব উপস্থিত ছিলেন।
তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
স্টাফ রিপোর্টার
অনলাইন
১ ঘন্টা আগে
৩০ জুলাই (বৃহস্পতিবার), ২০২৬, ১২ঃ০৬ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
