সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেললাইন নির্মাণের দাবিতে নতুন সংগঠন ‘সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ’ আত্মপ্রকাশ করেছে। বুধবার সিলেট প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক তারেক আল মঈন লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, বাংলাদেশের অন্যতম প্রাচীন, নিরাপদ ও সাশ্রয়ী গণপরিবহন ব্যবস্থা হলো বাংলাদেশ রেলওয়ে। দেশের অর্থনৈতিক উন্নয়ন, যাত্রীসেবা এবং পণ্য পরিবহনে রেলপথের গুরুত্ব অপরিসীম হলেও বৃহত্তর সিলেট অঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা সুনামগঞ্জ এখনো আধুনিক রেল যোগাযোগ থেকে কার্যত বঞ্চিত।
তিনি বলেন, প্রায় ২৭ লাখ মানুষের বসবাসের সুনামগঞ্জ জেলা ভৌগোলিকভাবে হাওরবেষ্টিত এবং দেশের উত্তর-পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সীমান্ত জেলা। জেলার ১২টি উপজেলার মধ্যে কয়েকটির সঙ্গে সড়ক যোগাযোগ থাকলেও বর্ষা মৌসুমে অধিকাংশ দুর্গম এলাকায় নৌপথই একমাত্র ভরসা। এতে সাধারণ মানুষের যাতায়াতে সময় ও ব্যয় দুটোই বেড়ে যায়। সংবাদ সম্মেলনে বর্তমান সরকারের কাছে সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেললাইন নির্মাণকে অগ্রাধিকারভিত্তিতে বাস্তবায়নের দাবি জানিয়ে ‘সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ’-এর আত্মপ্রকাশের ঘোষণা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেনÑ আশিক চৌধুরী, অধ্যাপক শফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ, ডা. শাহজালাল, এম এ ওয়াদুদ, মোস্তফা নূর, এডভোকেট কাজী সেবা, মো. আমিনুজ্জামান চৌধুরী, আবাব মিয়া, আনোয়ার চৌধুরী প্রমুখ।
