চট্টগ্রামে ‘হান্ডি’সহ তিন রেস্টুরেন্টে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

ফন্ট সাইজ:

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, খাদ্যদ্রব্যে তেলাপোকা, পোড়া তেল ব্যবহার এবং বাসি খাবার বিক্রির অভিযোগে তিনটি রেস্টুরেন্টকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়। বুধবার সকালে নগরের ওয়াসা মোড় এলাকায় পরিচালিত এ অভিযানে সবচেয়ে বেশি জরিমানা করা হয় হান্ডি রেস্টুরেন্টকে। প্রতিষ্ঠানটিতে খাদ্যদ্রব্যে তেলাপোকা পাওয়া এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুতের প্রমাণ মেলায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া সিপি ৫ স্টার রেস্টুরেন্টকে পোড়া তেল ব্যবহার ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে ২০ হাজার টাকা এবং জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে পুরনো বেগুনি ও বাসি খাবার বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্লাহ বলেন, অভিযানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে। সে কারণে আইন অনুযায়ী মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় নগর জুড়ে এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন