মৌলভীবাজারের রাজনগরে হাওরের পানিতে ডুবে মো. জমসেদ মিয়া (৭৫) নামে সাবেক পুলিশ সদস্য নিহত হয়েছেন। হাওরে ঘাস কাটতে গিয়ে তিনি নিখোঁজ হন। পরে রাত ১টার দিকে তার লাশ উদ্ধার করেন স্থানীয় লোকজন। জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে বুধবার বিকালে লাশ দাফন করা হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার ফতেহপুর ইউনিয়নের কাউয়াদীঘি হাওরে।
জানা যায়, রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের তুলাপুর গ্রামের জমসেদ মিয়া গরুর জন্য ঘাস কাটতে কাউয়াদীঘি হাওরে যান। সেখানে যাওয়ার পর তিনি পানিতে পড়ে গিয়ে তলিয়ে যান। পরে স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পাননি। পরে রাজনগর ফায়ার সার্ভিসে খবর দিলে বিকাল সাড়ে ৪টা থেকে ফায়ার সার্ভিসের লোকজন তল্লাশি চালায়Ñ এতেও কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসের সিলেটের ডুবুরি ইউনিটকে খবর দিলে তারা রাতেই রাজনগর স্টেশনে চলে আসেন। এদিকে মঙ্গলবার দিবাগত রাতে ১২ ঘণ্টা পর ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে স্থানীয় জনগণ। পরে জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে লাশ ময়নাতদন্ত ছাড়াই বুধবার বিকালে দাফন করা হয়। এ ব্যাপারে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দীন ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন স্থানীয় জনগণের সহায়তায় অনেক তল্লাশি চালায়। পরে গভীর রাতে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়। তিনি একজন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য। জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে বুধবার লাশ দাফন করা হয়।
