ময়মনসিংহের ত্রিশালে নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ত্রিশাল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দাইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার তাড়াইল এলাকার রতনের ছেলে জিসান (১৮) এবং ত্রিশাল উপজেলার বিরামপুর ভাটিপাড়া এলাকার মৃত ইব্রাহিমের ছেলে সিরাজুল ইসলাম (২২)।
ঘটনাস্থলে কর্মরত ঠিকাদার মো. হাসান জানান, ভবনের ছাদে রডের কাজ শেষ হওয়ার পর কিছু রড নিচে নামানোর প্রয়োজন হয়। তিনি শ্রমিকদের সিঁড়ি ব্যবহার করে রড নামানোর নির্দেশ দেন। কিন্তু একজন শ্রমিক সিঁড়ি ব্যবহার না করে ভবনের পাশ দিয়ে লম্বা রড নামানোর চেষ্টা করেন। এ সময় রডটি ভবনের পাশ দিয়ে চলে যাওয়া উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের লাইনের সংস্পর্শে আসে। এতে ছাদে থাকা দুই শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভবনের মালিক আল আমিন বলেন, নির্মাণকাজের সম্পূর্ণ দায়িত্ব ঠিকাদারের কাছে হস্তান্তর করা হয়েছিল। দুর্ঘটনার সময় তিনি বা তার পরিবারের কেউ ঘটনাস্থলে ছিলেন না। ছাদে থাকা রডগুলো সিঁড়ি দিয়ে নামানোর জন্য আগেই শ্রমিকদের নির্দেশনা দেয়া হয়েছিল। পরে ফোনে জানতে পারেন, রড বিদ্যুতের তারে স্পর্শ করলে দুই শ্রমিক নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই গুরুতর আহত হন।
ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ইমতিয়াজ মাহমুদ বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই দুই শ্রমিকের মৃত্যু হয়। মরদেহ পর্যবেক্ষণ করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর বহুতল ভবন থেকে নিচে পড়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন তারা। অতিরিক্ত রক্তক্ষরণে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহাম্মদ বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
